নভেম্বর ১৫, ২০২৬, ১২:৪৮ পিএম
পলাতক শেখ হাসিনার দণ্ড হয়েছে এবং তিনি কোনোভাবে দেশে ফিরে আসলে সেই দণ্ড কার্যকর করা হবে বলে স্পষ্ট মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
গত রোববার ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন ঘটলেও থেমে নেই তাদের ফ্যাসিবাদী অপশক্তি। তারা গোপনে দেশজুড়ে নাশকতা চালাচ্ছে, আগুন লাগাচ্ছে এবং বোমাবাজির ঘটনা ঘটাচ্ছে। পতিত এই ফ্যাসিস্ট চক্র দেশের ভেতর ও বাইরে থেকে নানাভাবে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্টরা তাদের মালিকানাধীন বিভিন্ন গার্মেন্টস শিল্পেও অরাজকতা ও অস্থিরতা তৈরি করছে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা কেবল নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়। তবে তাদের সেই চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন