শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

বাংলাদেশ ভারত সম্পর্কে কি নতুন জটিলতা তৈরি হচ্ছে

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ১০:৫৩ পিএম

বাংলাদেশ ভারত সম্পর্কে কি নতুন জটিলতা তৈরি হচ্ছে

ভারতের অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডির তথ্যের আশায় দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন। এই ঘটনাটি বর্তমানে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

বিশেষ করে তিনি আসলেই আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন কি না কিংবা ফিরতে পারবেন কি না, অথবা তার আইনি পরামর্শকরা দিল্লিতে যে আবেদন জমা দিয়েছেন তার কোনো জবাব শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার দেয় কি না, তা নিয়ে চারদিকে তীব্র কৌতূহল বিরাজ করছে।

এই আলোচনার মধ্যেই নতুন করে সামনে এসেছে ভারত ও বাংলাদেশের মধ্যকার পঞ্চম দফার কনস্যুলার বৈঠক স্থগিত হওয়ার খবর।

যদিও ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে যে, বৈঠকটি স্থগিত করার সিদ্ধান্ত শেখ হাসিনার ইমেইল আবেদন জমা পড়ার আগেই নেওয়া হয়েছিল। তা সত্ত্বেও এই স্থগিতাদেশ দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো জটিলতার ইঙ্গিত কি না, সেই প্রশ্নটি আবারও সামনে চলে এসেছে।

দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের একজন মুখপাত্র বাংলাদেশের বেশ কিছু সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, নির্ধারিত কনস্যুলার সংলাপটি গত অক্টোবরের শেষে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দুই দেশের পারস্পরিক আলোচনার মাধ্যমেই সেটি পিছিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশের জন্য একটি সুবিধাজনক সময় বিবেচনা করে চলতি মাসের শেষের দিকে নতুন তারিখ নির্ধারণ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল গত শুক্রবার এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে, ভারত ও বাংলাদেশের পরবর্তী কনস্যুলার সংলাপ একটি পারস্পরিক সুবিধাজনক তারিখে অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান যে, এই সংলাপে সংশোধিত ভ্রমণ ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন বিষয়ও আলোচনার টেবিলে আসবে। বর্তমান বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় বাংলাদেশের সাথে যেকোনো দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় বসতে ভারত সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, কনস্যুলার বৈঠক বা সংলাপ স্থগিত হওয়ার এই খবরটি এমন একটি সময়ে প্রকাশ পেল, যখন পাসপোর্ট এবং পরিচয়পত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় তথ্যের আশ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পক্ষে আইনজীবীদের করা আবেদন নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক তোলপাড় চলছে।

এ বিষয়ে সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় যে গতিশীলতা তৈরি হয়েছিল, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরা’ সংক্রান্ত বর্তমান ঘটনাপ্রবাহ সেই গতিতে কিছুটা হলেও স্থবিরতা এনে দিয়েছে।