শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

ঢাকার মোহাম্মদপুর থেকে চুরি হওয়া স্বর্ণ ও টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ১০:৫৭ পিএম

ঢাকার মোহাম্মদপুর থেকে চুরি হওয়া স্বর্ণ ও টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

ভোলায় উদ্ধারকৃত স্বর্ণালংকার ও নগদ টাকাসহ গ্রেপ্তার ব্যক্তি।

ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে প্রায় ত্রিশ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগে আব্দুল আলী নামের এক ব্যক্তিকে ভোলা থেকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। শুক্রবার বিকেলে ভোলা সদর রোডের নূর জুয়েলার্স থেকে তাঁকে আটক করা হয়। আটক আব্দুল আলী মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী এলাকার বাসিন্দা এবং যে বাসা থেকে চুরি হয়েছে তিনি সেখানকার গাড়িচালক ছিলেন। শনিবার বিকেলে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ভোলা সদর রোডের নূর জুয়েলার্সে এক ব্যক্তি বিপুল পরিমাণ স্বর্ণালংকার বিক্রির জন্য এসেছেন—এমন খবর পায় জেলা গোয়েন্দা শাখা। এই সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল দ্রুত ওই দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন আব্দুল আলীর সঙ্গে থাকা একটি কালো রঙের হাতব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে নয় ভরি পনের আনা এক রতি স্বর্ণালংকার এবং নগদ পাঁচ লাখ টাকা। এছাড়া তাঁর কাছ থেকে দুই জোড়া ব্রোঞ্জের রুলি, দুই জোড়া সিটি গোল্ডের চুড়ি ও একটি তামার ব্রেসলেটও জব্দ করা হয়। উদ্ধার করা এসব মালামালের বৈধ মালিকানা কিংবা কোনো ধরনের ক্রয়সংক্রান্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হন ওই ব্যক্তি। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জুয়েলার্সের মালিকের মাধ্যমে স্বর্ণালংকারগুলো পরীক্ষা করে পুলিশ হেফাজতে নেওয়া হয় তাঁকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পুলিশ জানতে পেরেছে, ঢাকার মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার সাম্মা তাসলিমের বাসা থেকে এই মালামাল চুরি করা হয়। অভিযুক্ত আব্দুল আলী ওই বাসার গাড়িচালক হিসেবে কাজ করতেন এবং অসুস্থতার কথা বলে ছুটি নিয়েছিলেন। বাসা থেকে চুরি করার পর তিনি সেগুলো বিক্রির উদ্দেশ্যে ভোলায় নিয়ে আসেন।

এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে তাঁকে ৫৪ ধারায় আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।