নভেম্বর ১৪, ২০২৬, ১০:০২ পিএম
ভারতের আসাম রাজ্যে ১৯৮৩ সালের সাম্প্রদায়িক সহিংসতায় ঘরবাড়ি হারানো বেশ কয়েকটি বাঙালি মুসলিম পরিবারকে দীর্ঘ চার দশক পর আবারও উচ্ছেদের শিকার হতে হয়েছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে লখিমপুর জেলার বগীনদী পিজিআর এলাকায় পরিচালিত বুলডোজার অভিযানে ওই পরিবারগুলোর চার দশকের বসতবাড়ি ও একটি মসজিদ সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
গত শুক্রবার সকালে পরিচালিত এই উচ্ছেদ অভিযানে বহু পরিবার নতুন করে গৃহহীন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রধান অভিযোগ, একই এলাকার অন্য সম্প্রদায়ের মানুষের দখলে থাকা জমিতে কোনো ধরনের অভিযান না চালিয়ে কেবল মুসলিম বসতিগুলোকেই সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই দিন সকালে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী ও রাজস্ব বিভাগের কর্মকর্তাদের নিয়ে জেলা প্রশাসন এই উচ্ছেদ অভিযান চালায়। বগীনদী সাপ্তাহিক বাজার ও বগীনদী থানার কাছের মুসলিম ক্যাম্প এলাকায় এই বুলডোজার চালানো হয়।
উল্লেখ্য, ১৯৮৩ সালে আসাম আন্দোলনের সময় ভীমপোরা-বোধাকোরায় ভয়াবহ সহিংসতার শিকার হয়ে বাস্তুচ্যুত হয়েছিলেন এসব পরিবারের সদস্যরা। সে সময় একটি উচ্ছৃঙ্খল জনতা ভীমপোরা গ্রামে হামলা ও ভাঙচুর চালালে বেশ কয়েকটি বাঙালি মুসলিম পরিবার ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। তাদের মধ্যে কেউ কেউ স্থানীয় মিসিং সম্প্রদায়ের মানুষের সঙ্গে ভাগচাষি হিসেবে কাজ শুরু করেন।
সে সময় বাস্তুচ্যুত পরিবারগুলো প্রথমে বগীনদী থানায় আশ্রয় নিয়েছিল। পরে তাদের একটি সাপ্তাহিক বাজারে অস্থায়ীভাবে রাখা হয়। এরপর জেলা প্রশাসন বগীনদী পিজিআর এলাকায় তাদের স্থায়ীভাবে বসবাসের জন্য জমি বরাদ্দ দেয় এবং ১৯৮৩ সালের জুনে সেখানে বসবাসকারী পরিবারগুলোকে আনুষ্ঠানিক পরিচয়পত্রও প্রদান করা হয়েছিল।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অন্তত পঁচিশটি পরিবার চার দশকেরও বেশি সময় ধরে সেখানে স্থায়ীভাবে বসবাস করে আসছে। সরকারি বিভিন্ন নথিপত্রে এলাকাটিকে ‘রিফিউজি ক্যাম্প’, ‘মুসলিম ক্যাম্প’ ও ‘মিয়াঁ ক্যাম্প’ নামে চিহ্নিত করা হয়েছে। কেবল বসতবাড়িই নয়, দীর্ঘদিনের এই জনপদে গড়ে উঠেছে বিভিন্ন সরকারি ও সামাজিক প্রতিষ্ঠানও। ২০০৮ সালে ওই এলাকায় প্রতিষ্ঠিত হয় বগীনদী পিজিআর এলপি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া সমন্বিত শিশু উন্নয়ন কর্মসূচির আওতাধীন একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং ‘বগীনদী পিজিআর মুসলিম সেন্টার’ নামে পরিচিত কেন্দ্রটিও সরকারি কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়ে আসছে।
পাশাপাশি জল জীবন মিশনের আওতায় পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা এবং আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিদ্যুৎ সংযোগও রয়েছে বসতিগুলোতে।
উচ্ছেদ অভিযানে মুসলিম ক্যাম্প এলাকার একটি মসজিদও সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রদর্শিত নথি অনুযায়ী, মসজিদ ও কবরস্থানের জন্য ১৯৯২ সালেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জমি বরাদ্দ দিয়েছিল। ১৯৯২ সালের পঁচিশ সেপ্টেম্বর জারি করা সাতশো চার নম্বর চিঠিতে বগীনদী এগ্রিকালচার অ্যান্ড ফার্মিং করপোরেশনের বিশেষ কর্মকর্তা ও সচিব-কাম-ব্যবস্থাপক মসজিদ ও কবরস্থান নির্মাণের জন্য পিজিআর এলাকার পাঁচ নম্বর প্লটের চার বিঘা দুই কাঠা দশ লেচা জমি মুসলিম সম্প্রদায়ের ব্যবহারের জন্য বরাদ্দ দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে বসবাস এবং সরকারি বরাদ্দের এসব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কেন পরিবারগুলোকে উচ্ছেদ করা হলো, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
তাদের অভিযোগ, পিজিআর এলাকার আশপাশে অন্য সম্প্রদায়ের লোকজনও বসবাস করছেন এবং বিভিন্ন জায়গা জখল করে রেখেছেন। কিন্তু উচ্ছেদ অভিযানে সেসব এলাকা সম্পূর্ণ বাদ দিয়ে কেবল মুসলিম বসতিগুলোকেই টার্গেট করা হয়েছে।
উচ্ছেদ অভিযানের সময় কান্নায় ভেঙে পড়েন বহু নারী। কেউ কেউ নিজেদের ঘরবাড়ি ছেড়ে যেতে অস্বীকৃতি জানান। কয়েকজন নারী প্রশাসনের কর্মকর্তাদের কাছে আকুতি জানিয়ে বলেন, তাদের বসতবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার চেয়ে যেন তাদের মেরে ফেলা হয়।
বাসিন্দাদের মধ্যে এমন ব্যক্তিও রয়েছেন, যিনি ১৯৮৩ সালের সহিংসতার সময় তিরের আঘাতে মারাত্মক আহত হয়েছিলেন এবং এখনো তার উরুর পেছনে সেই আঘাতের ক্ষতচিহ্ন স্পষ্ট রয়েছে। চার দশক আগে সহিংসতায় সর্বস্ব হারিয়ে বাস্তুচ্যুত হওয়ার পর এবার প্রশাসনের উচ্ছেদ অভিযানে আবারও তাকে ঘর হারাতে হলো।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো রাজ্য সরকারের কাছে অবিলম্বে বিকল্প পুনর্বাসনের জোর দাবি জানিয়েছে। তাদের বক্তব্য, চার দশক আগে স্বয়ং প্রশাসনই তাদের এই এলাকায় বসবাসের ব্যবস্থা করে দিয়েছিল। তাই উচ্ছেদের আগে তাদের দীর্ঘদিনের বাস্তুচ্যুতির ইতিহাস এবং সরকারি পুনর্বাসনের বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত ছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বগীনদী পিজিআর এলাকায় প্রায় তিনশো হেক্টর জমি এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে দখলমুক্ত করা হয়েছে।
আসামে ধারাবাহিক এই উচ্ছেদ অভিযান নিয়ে রাজ্যজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। লখিমপুরের এই অভিযান আসামে সাম্প্রতিক সময়ে চলমান একাধিক উচ্ছেদ অভিযানেরই একটি অংশ। এর আগে নগাঁও, হোজাই, গোলাঘাট ও ধুবড়ি জেলাতেও এ ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। এসব অভিযানে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যাদের একটি বড় অংশই বাংলাভাষী মুসলিম।
এসব অভিযান নিয়ে আসাম সরকারের বিরুদ্ধে বেছে বেছে নির্দিষ্ট মুসলিম পরিবারগুলোকে উচ্ছেদ এবং তাদের ঘরবাড়ি ও ধর্মীয় স্থাপনা ধ্বংসের মারাত্মক অভিযোগ উঠেছে। এর আগে দীপাবলির আগে লখিমপুরে একটি উচ্ছেদ অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ভিডিওটির সঙ্গে তিনি ‘ঘর কি সাফাই’ বা ঘর পরিষ্কার মন্তব্য যুক্ত করেছিলেন।
এর আগে ধুবড়িতে উচ্ছেদ অভিযানে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মুখ্যমন্ত্রী লিখেছিলেন যে আরও অভিযান হবে এবং জমির প্রতিটি ইঞ্চি পুনরুদ্ধার না করা পর্যন্ত তারা থামবেন না। মুখ্যমন্ত্রীর এসব বিতর্কিত মন্তব্য নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এগুলোকে বিদ্বেষমূলক ও উসকানিমূলক বক্তব্যের ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছেন। বিশেষ করে মুসলিম পরিবারগুলোর ঘরবাড়ি ধ্বংসের ঘটনাকে উদ্যাপনের ভাষা হিসেবে মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন সচেতন মহল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন