শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করার সুবিধা আনল গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ০৯:২৫ পিএম

ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করার সুবিধা আনল গুগল

ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করার সুবিধা আনল গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিকাশের অংশ হিসেবে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করার নতুন সুবিধা চালু করেছে গুগল। এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জেমিনি ব্যবহারকারীরা এখন গুগল ওয়ালেট ইন্টিগ্রেশনের মাধ্যমে চ্যাটবটটির সঙ্গে তাদের ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে পারছেন।

ওয়েব এবং মোবাইল উভয় প্ল্যাটফর্মেই এই ইন্টিগ্রেশনটি এখন চালু করা হচ্ছে। ব্যবহারকারীদের আরও গভীর তথ্য ও বিশ্লেষণ দিতে ফিনটেক কোম্পানি প্লেইডের সঙ্গে অংশীদারত্ব করেছে প্রতিষ্ঠানটি।

ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের অর্থায়ন ও ফাইন্যান্সের বিষয়ে বাড়তি সুবিধা ও পরামর্শ পাবেন। তবে এটি কেনাকাটায় সহায়তা করবে না বা কোনো লেনদেনের কমান্ড দেবে না। অ্যাকাউন্ট যুক্ত হওয়ার পর ব্যবহারকারীরা চ্যাটবটটিকে বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। এটি অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন এবং অন্যান্য বাড়তি খরচ খুঁজে বের করে অর্থ সাশ্রয়ে সহায়তা করতে পারে। নির্দিষ্ট কোনো সাবস্ক্রিপশনের মূল্য বৃদ্ধি পেলে এই চ্যাটবটটি তা সহজেই শনাক্ত করতে সক্ষম।

সাধারণ ব্যাংকিং অ্যাপের চেয়েও বাড়তি কিছু সুবিধার কথা জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়ের জন্য বাজেট তৈরি করতে জেমিনিকে অনুরোধ করতে পারবেন। সেখানে নগদ অর্থের প্রবাহ এবং সম্পদ বণ্টনের মতো বিভিন্ন বিষয়ের গতিশীল চার্ট থাকবে। ছুটির দিনের বাজেট তৈরি করতেও এই চ্যাটবট সহায়তা করবে।

এআই চ্যাটবটগুলো মাঝেমধ্যেই ভুল করে থাকে, যা ব্যক্তিগত অর্থায়নের ক্ষেত্রে বড় উদ্বেগের বিষয়। এই টুলসেটটি জেমিনিকে কেবল অ্যাকাউন্ট থেকে তথ্য পড়ার অনুমতি দেয়। এর মাধ্যমে কোনো অর্থ স্থানান্তর, পরিচালনা বা বিনিয়োগ করা সম্ভব নয়। এটি সম্পূর্ণভাবে ব্যবহারকারীর ইচ্ছাধীন বা অপ্ট-ইন একটি অভিজ্ঞতা। সেটিংস থেকে এই ফিচারটি বেশ সহজেই চালু বা বন্ধ করা যায়।