নভেম্বর ১৪, ২০২৬, ০৮:০১ পিএম
নওগাঁয় একটি বেসরকারি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে অভিনব জালিয়াতির মাধ্যমে বিভিন্ন বুথ থেকে সাড়ে চার কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে বগুড়া জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এই তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁর বদলগাছী থানার আক্কেলপুর মধ্যপাড়া গ্রামের শহিদুল ইসলাম রিপন ও তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি।
পুলিশ জানায়, ২০১৫ সালে ইসলামী ব্যাংক নওগাঁ শাখার গ্রাহক শহিদুল ইসলামের নামে এক লাখ টাকা সীমার একটি খিদমাহ ক্রেডিট কার্ড ইস্যু করা হয়। ওই কার্ড এবং পূবালী ব্যাংকের এটিএম বুথের এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে তিনি ব্যাংক হিসাবগুলোতে অননুমোদিতভাবে অর্থ স্থানান্তর শুরু করেন। শুরুতে এক লাখ টাকার কম লেনদেন করা হলেও পরবর্তীতে প্রতি লেনদেনে আড়াই লাখ টাকা পর্যন্ত সরিয়ে নেওয়া হয়।
২০১৫ সালের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টিরও বেশি লেনদেনের মাধ্যমে ব্যাংকটির মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়। ব্যাংক কর্তৃপক্ষের করা মামলায় এই জালিয়াতির তথ্য বেরিয়ে আসার পর পুলিশি অভিযান শুরু হয়।
এ ঘটনায় নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিবি ইনচার্জের নেতৃত্বে একটি দল টানা ছত্রিশ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের শয়নকক্ষের আলমারি তল্লাশি করে নগদ ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি চেক বই এবং দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি জালিয়াতির কথা স্বীকার করে জানিয়েছেন যে, আত্মসাৎ করা অর্থের একটি বড় অংশ দিয়ে তারা বগুড়ায় জমি কিনেছেন এবং বাকি টাকায় বিলাসী জীবনযাপন করতেন। এই পুরো জালিয়াতির সঙ্গে ব্যাংকের অভ্যন্তরীণ কোনো চক্র বা অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন