শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,
আইনশৃঙ্খলা রক্ষা

ঢাকাসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ০৭:২১ পিএম

ঢাকাসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে মোট চৌত্রিশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গত শনিবার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েনকৃত এই সদস্যরা রাজধানী ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া ছাড়াও নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এলাকায় দায়িত্ব পালন করছেন। এ ছাড়া গাজীপুর জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল এলাকায় তারা অবস্থান করছেন।

স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যেকোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম সুচারুভাবে সমন্বয় করার লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের বিশেষ মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এই কার্যক্রমে ড্রোন নজরদারির পাশাপাশি বডি-ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড ডিভাইসের লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে সীমান্তরক্ষী এই বাহিনী।