নভেম্বর ১৪, ২০২৬, ০২:৩৩ পিএম
দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এই তিন বিভাগে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি বর্তমানে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
রোববার ও সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই আবহাওয়া অব্যাহত থাকার কথা জানানো হয়েছে। এই দুই দিনও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার কথা বলা হলেও পরের দিন বুধবার পরিবর্তনের আভাস রয়েছে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বুধবার দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন