নভেম্বর ১৪, ২০২৬, ১২:১৭ পিএম
পারিবারিক মামলায় আদালতের জারি করা পরোয়ানায় জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে সাতকানিয়ার কেরাণীহাটের দুই নম্বর ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। গত দুই সেপ্টেম্বর তাকে দলীয় এই দায়িত্ব দেওয়া হয়েছিল।
বাদীপক্ষের অভিযোগ অনুযায়ী, বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং নিয়মিত ভরণপোষণ দেওয়া থেকে বিরত থাকেন এই নেতা। বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হন তার স্ত্রী শাহীনা আক্তার। এছাড়া তিনি অন্যত্র একাধিক বিয়ে ও সম্পর্কে জড়িত বলেও দাবি করেন বাদী।
মামলার বাদী শাহীনা আক্তার বলেন, বিয়ের পর দীর্ঘদিন ধরে মিজান আমার কোনো খোঁজ রাখছে না এবং যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়ে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি, আমি আমার আইনগত অধিকার ও ন্যায়বিচার চাই।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আদালতের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন