শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

আফ্রিকাসহ কোনো দেশই শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়: নাজমুল হক

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ১১:৫৭ এএম

আফ্রিকাসহ কোনো দেশই শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়: নাজমুল হক

শেখ হাসিনা।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের পাশাপাশি আফ্রিকার কোনো দেশও তাকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক।

দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি ভারত সরকারের জন্য ক্রমশ বিব্রতকর ইস্যু হয়ে উঠছে বলে পোস্টে উল্লেখ করা হয়। গণহত্যাকারীকে দিনের পর দিন আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনেও ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। বিদেশি সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়, হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা সফল না হওয়ায় তাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি করাই এখন একমাত্র বাস্তবসম্মত বিকল্প মনে করছে নয়াদিল্লি।

ক্ষমতাচ্যুত হওয়ার সময় নেতাকর্মীদের মৃত্যুর মুখে ফেলে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন বলে পোস্টে মন্তব্য করা হয়। পলাতক অবস্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ দলের বিভিন্ন ঘোষণার মাধ্যমে এখন তৃণমূলের নেতাকর্মীদের আবারও বিপদে ফেলা হচ্ছে বলে সতর্ক করেন সহকারী প্রেস সচিব। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত না হয়ে নেতাকর্মীদের নিজেদের ও পরিবারের কথা ভাবার আহ্বান জানানো হয় ওই পোস্টে।