নভেম্বর ১৪, ২০২৬, ১২:৫৭ পিএম
নিজেকে বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের সভাপতি দাবি করা আইনজীবী এম কামাল উদ্দিনকে হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার ভোরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার সিডিএ টেকের একটি ভাড়া বাসা থেকে তাকে থানায় আনা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই বাসায় অবস্থান করার সময় কয়েকজন ব্যক্তি বাসাটি ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে অস্থিরতা ছড়ানোর নানা প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কামাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক ছিলেন এবং ২০২২ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি চট্টগ্রাম জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর দলটির পলাতক নেতাদের সমালোচনা করে ফেসবুকে সরব হন এই আইনজীবী। গত ৮ অক্টোবর তিনি নিজেকে নন-পলাতক আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ঘোষণা করে ৬৪ জেলায় কমিটি গঠনের উদ্যোগ নেন।
তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ যাচাই শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন