নভেম্বর ১৪, ২০২৬, ০৭:০৮ পিএম
রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার। এর মধ্যে আশির শতাংশ বা আশি হাজারই নারী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
তিনি জানান, দেশের নব্বই হাজারেরও বেশি গ্রামে লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যেগুলো মূলত প্রতিরোধ করা সম্ভব। তবে স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলার কারণে অতীতে এসব রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা যথাযথভাবে উৎসাহিত করা হয়নি।
গত শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের বা আইদেশির যুগপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। দিনব্যাপী এ অনুষ্ঠানে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, নারীর স্বাস্থ্য, বায়োলজিক্যাল পণ্যের ভবিষ্যৎ, সংক্রামক রোগ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে টিকার ব্যবহার নিয়ে বিভিন্ন প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন আইদেশির চেয়ারম্যান আশফাক কাদরী। এ সময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদিরও বক্তব্য দেন।
ডা. জুবাইদা রহমান বলেন, নতুন এই স্বাস্থ্যকর্মীরা দেশজুড়ে মানুষের কাছে স্বাস্থ্যবিষয়ক জ্ঞান ও রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা পৌঁছে দিতে বিশেষভাবে সহায়তা করবেন। সুস্থ ও সবল বাংলাদেশ গড়ে তুলতে বৈজ্ঞানিক গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
জনস্বাস্থ্য উন্নয়নে গবেষণা প্রতিষ্ঠানের ভূমিকার কথা তুলে ধরে তিনি গত বারো বছর ধরে মানুষের কাছে বৈজ্ঞানিক জ্ঞান ও স্বাস্থ্যসেবার সমাধান পৌঁছে দিতে আইদেশির আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ফিরদৌসী কাদরীর প্রতিষ্ঠিত আইদেশি বৈজ্ঞানিক গবেষণা ও মানুষের বাস্তব স্বাস্থ্যসেবার চাহিদার মধ্যে ব্যবধান দূর করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল। ব্যক্তিগত পুরস্কারের অর্থায়নে একটি ছোট গবেষণাগার হিসেবে শুরু হলেও প্রতিষ্ঠানটি বর্তমানে একশ জনের বেশি সহকর্মী, সাবেক শিক্ষার্থী ও গবেষকদের একটি সক্রিয় নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণাপত্র নিয়ে একটি আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে অধ্যাপক ফিরদৌসী কাদরী বলেন, আইদেশি থ্যালাসেমিয়া, ক্যানসার শনাক্তকরণ এবং জিনগত রোগ, বিশেষ করে জন্মগত বিপাকীয় ত্রুটি নিয়ে গবেষণাসহ জনস্বাস্থ্যের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে যাচ্ছে। শুধু গবেষণাগারেই নয়, কক্সবাজারের রোহিঙ্গা জনগোষ্ঠীসহ দেশের বিভিন্ন প্রান্তের মাঠপর্যায়েও প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, করোনাভাইরাস মহামারির সময় আইদেশি খুব দ্রুত পরীক্ষার সক্ষমতা বাড়ায় এবং ভাইরাসের পরিবর্তন পর্যবেক্ষণের সক্ষমতা গড়ে তোলে। জনস্বাস্থ্যবিষয়ক জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশিক্ষিত গবেষণাগারকর্মী ও আগে থেকে গড়ে তোলা প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের গুরুত্ব ওই অভিজ্ঞতায় স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।
ভবিষ্যৎ গবেষণার অগ্রাধিকার হিসেবে মহামারি মোকাবিলার প্রস্তুতি, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, ক্লিনিক্যাল ট্রায়াল এবং বাংলাদেশে নতুন চিকিৎসাপণ্য উদ্ভাবনের কথা জানান কাদরী। ওষুধ ও টিকা উদ্ভাবনের কাজ দ্রুততর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং ব্যবহারের পরিকল্পনাও রয়েছে এই প্রতিষ্ঠানের।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী চিকিৎসক এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের স্বাস্থ্য খাতের সংস্কার কর্মসূচির মূল কেন্দ্রে গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনকে স্থান দিতে হবে। তিনি রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা, ওষুধশিল্পে উদ্ভাবন, ডিজিটাল স্বাস্থ্যসেবা এবং গবেষণা ও উন্নয়নের টেকসই পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস আইদেশিকে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে একটি কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি আণবিক রোগ নির্ণয়, থ্যালাসেমিয়ার বাহক শনাক্তকরণ, সংক্রামক রোগ, টিকা গবেষণা এবং জরায়ুমুখ ক্যানসার বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিষ্ঠানটির কাজের প্রশংসা করেন। পাশাপাশি তরুণ বিজ্ঞানী ও গবেষকদের প্রশিক্ষণে আইদেশির নানা উদ্যোগেরও সাধুবাদ জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন