নভেম্বর ১৪, ২০২৬, ০৮:২৫ পিএম
কঠিন ব্যবসায়িক পরিস্থিতির মুখে পড়ে ভক্ত-অনুরাগীদের কাছে বিশেষ দোয়া চেয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগপূর্ণ স্ট্যাটাসে স্বামী চিত্রনায়ক ও প্রযোজক এম এ জলিল অনন্ত এবং তাঁদের পরিবারের জন্য শুভকামনা কামনা করেন তিনি। ব্যবসাপ্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি ও ব্যাংকঋণ নিয়ে বিভিন্ন আলোচনা চলার মধ্যে স্বামীর পাশে দাঁড়িয়ে এই আহ্বান জানান এই অভিনেত্রী।
পোস্টে বর্ষা উল্লেখ করেন, ব্যবসা-বাণিজ্য কিংবা মানুষের জীবন কখনোই একরৈখিক থাকে না। জীবনের বাস্তবতায় যেমন সুদিন আসে, তেমনি কখনো কখনো কঠিন ও প্রতিকূল পরিস্থিতির মুখোমুখিও হতে হয়। এই কঠিন সময়ে যারা অনন্ত জলিল ও তাঁর পরিবারের পাশে রয়েছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। মানুষের এই ভালোবাসা ও দোয়া তাদের চলার পথে বড় প্রেরণা হিসেবে কাজ করছে বলে জানান বর্ষা।
অনন্ত জলিল ও বর্ষা ঢালিউডের পরিচিত তারকা দম্পতি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। অভিনয়ের পাশাপাশি বড় পরিসরে ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন অনন্ত জলিল। সম্প্রতি তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান, কারখানা ও আর্থিক বিষয় নিয়ে গণমাধ্যমে নানা খবর প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
সবকিছুর ঊর্ধ্বে সৃষ্টিকর্তার ওপর পূর্ণ ভরসা রেখে এই সময় পার করার প্রত্যয় ব্যক্ত করেছেন বর্ষা। তাঁর বিশ্বাস, মহান আল্লাহ যা করেন মানুষের কল্যাণের জন্যই করেন। তাই যেকোনো পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা রেখেই তারা সামনে এগিয়ে যেতে চান।
পোস্টের শেষ অংশে নিজের স্বামী, সন্তান ও সমগ্র পরিবারের নিরাপত্তা এবং বিপদ থেকে মুক্তির জন্য দোয়া চেয়েছেন বর্ষা। পাশাপাশি সবার রিজিকে বরকত দান এবং দেশের প্রতিটি মানুষের শান্তি ও সুস্বাস্থ্য কামনা করেছেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন