নভেম্বর ১৪, ২০২৬, ০৮:১৭ পিএম
আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে আগামী সপ্তাহে ভারতের রাজধানী নয়াদিল্লি সফর করবেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক। দীর্ঘদিনের বৈরী সম্পর্কের মধ্যে গত বছর দুই দেশের মধ্যে চার দিনের সামরিক সংঘাতের পর এটিই হতে যাচ্ছে পাকিস্তানের কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর। শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
আগামী ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে সাংহাই সহযোগিতা সংস্থার সভ্যতাবিষয়ক সংলাপ অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন মুসাদিক মাসুদ মালিক। এর আগে ২০২৩ সালের মে মাসে ভারতের গোয়ায় এসসিওর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন তৎকালীন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।
পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বিরাজ করছে। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে কাশ্মীর অঞ্চল নিয়ে একাধিকবার যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই ভূখণ্ডকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে উভয় পক্ষ।
গত বছরের মে মাসে কাশ্মীরে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় হিন্দু ধর্মাবলম্বীসহ দুই ডজনের বেশি পর্যটক নিহত হন। ওই হামলার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করে নয়াদিল্লি, যা ইসলামাবাদ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। হামলার জেরে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপের পর দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের গোলা ব্যবহারের মাধ্যমে সামরিক সংঘাত শুরু হয় এবং চার দিন ধরে চলা ওই সংঘাতে ৭০ জনের বেশি মানুষ নিহত হন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোর মধ্যে বিভিন্ন সভ্যতার মধ্যে সংলাপ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর প্রতিশ্রুতিতে অটল রয়েছে ইসলামাবাদ। আগামী ২০ নভেম্বর নয়াদিল্লিতে এই সভ্যতাবিষয়ক সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন