শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

ভারতীয় নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার

খেলাধুলা ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ০৫:০০ পিএম

ভারতীয় নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

ভারতের তেলেঙ্গানার ভিকারাবাদ শহর থেকে নন্দিনী রাঠোর নামের এক উদীয়মান নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার ভিকারাবাদের মধু কলোনিতে তার নিজ বাসভবন থেকে ১৭ বছর বয়সী এই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও, এর পেছনে স্থানীয় দুই যুবকের লাগাতার উত্ত্যক্ত ও হয়রানি দায়ী বলে অভিযোগ তুলেছে নিহত ক্রিকেটারের পরিবার। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

নিহত নন্দিনী রাঠোর মূলত ইয়ালাল মণ্ডলের সাঙ্গাইয়াপল্লি গ্রামের বাসিন্দা হলেও পড়াশোনা ও ক্রিকেট প্রশিক্ষণের জন্য ভিকারাবাদের মধু কলোনিতে বসবাস করছিলেন। স্থানীয় স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করা এই তরুণী সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অনূর্ধ্ব-১৯ দলে নির্বাচিত হয়েছিলেন।

পরিবারের দাবি, অনিল নামের এক স্থানীয় যুবক প্রেমের প্রস্তাব দিয়ে দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত ও অনুসরণ করে আসছিল। এই কার্যক্রমে কৃষ্ণা নামের আরেক যুবক তাকে সহায়তা করত। প্রায় তিন মাস ধরে চলা এই হয়রানির বিষয়ে ওই যুবকদের একাধিকবার সতর্ক করা হলেও তারা উল্টো নন্দিনীকে বিভিন্ন ধরনের হুমকি দিতো।

পরিবারের ধারণা, এই হয়রানির কারণেই কিশোরীটি এমন পথ বেছে নিতে বাধ্য হয়েছে। ঘটনার পর পরিবারের সদস্য ও আত্মীয়রা ভিকারাবাদে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা অভিযুক্ত দুই যুবকের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর আইনি ব্যবস্থার দাবি জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভিকারাবাদ সার্কেল ইন্সপেক্টর রঘু জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য নন্দিনীর মরদেহ স্থানীয় এরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ ও পেছনের ঘটনা উদ্ঘাটনে নিহতের মোবাইল ফোনটি জব্দ করে ফরেনসিক ও ডিজিটাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং ব্যক্তিগত যোগাযোগগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে অভিযুক্ত দুই যুবককে আটক করেছে পুলিশ। তবে পরিবারের এই অভিযোগের সঙ্গে নন্দিনীর মৃত্যুর সরাসরি কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা। ঠিক কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে, তাও এখনো অস্পষ্ট। পরবর্তী আইনি পদক্ষেপ নির্ভর করবে ডিজিটাল পরীক্ষার ফলাফল এবং তদন্তের সময় সংগৃহীত অন্যান্য প্রমাণের ওপর।