সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১১:৪১ এএম
যেকোনো মানবিক সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে হলে অর্থের চেয়ে সময়, পারস্পরিক যত্ন, সম্মান ও পারিবারিক বন্ধন গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা বর্ষা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সম্পর্ক রক্ষার নানা দিক নিয়ে নিজের ব্যক্তিগত ভাবনা তুলে ধরেন তিনি। তার মতে, সম্পর্কের ক্ষেত্রে বিনিয়োগের বিষয়টি শুধু টাকা-পয়সার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলে না।
জীবনে চলার পথে অর্থের প্রয়োজন থাকলেও কোনো সম্পর্ক বাঁচিয়ে রাখতে অর্থই প্রধান শর্ত নয়। অভিনেত্রী জানান, সম্পর্কের আসল ভিত্তি তৈরি হয় মানুষের আচরণ, যত্ন, আন্তরিকতা ও একে অপরকে দেওয়া সময়ের মাধ্যমে। কাউকে জীবনে স্থায়ীভাবে রাখতে চাইলে তাকে নিজের পরিবার এবং পারিবারিক পরিমণ্ডলের সঙ্গে যুক্ত করা প্রয়োজন। পরিবারের সদস্যদের সঙ্গে সামাজিকতা, সম্মান ও আত্মিক দায়বদ্ধতা তৈরি হলে সম্পর্কের গভীরতা বাড়ে। ফলে যেকোনো প্রতিকূল মুহূর্তে হুট করে সম্পর্ক ভেঙে ফেলার প্রবণতা কমে আসে।
পছন্দের মানুষকে বাবা-মা বা পরিবারের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে পারিবারিকভাবে আপন করে নেওয়ার পরামর্শ দেন তিনি।
বর্ষা উল্লেখ করেন, সম্পর্ক যখন কেবল দুজন মানুষের গণ্ডিতে আটকে না থেকে পরিবারের সঙ্গে যুক্ত হয়, তখন সেখানে স্বাভাবিকভাবেই মায়া ও দায়বদ্ধতা যুক্ত হয়। তাই শুধু ভালোবাসার অনুভূতি দিয়ে কোনো সম্পর্ক আজীবন টিকিয়ে রাখা সম্ভব নয়। সেখানে ভালো ব্যবহার, পারস্পরিক সম্মান ও পারিবারিক উপস্থিতির সমন্বয় থাকা জরুরি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন