বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

অ্যাপল কারপ্লেতে সরাসরি যুক্ত হলো গুগলের জেমিনি অ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ০৫:২৫ এএম

অ্যাপল কারপ্লেতে সরাসরি যুক্ত হলো গুগলের জেমিনি অ্যাপ

অ্যাপল কারপ্লেতে সরাসরি যুক্ত হয়েছে গুগলের জেমিনি অ্যাপ।

অ্যাপল কারপ্লে ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এলো প্রযুক্তি জায়ান্ট গুগল। এখন থেকে গাড়িচালকরা সরাসরি অ্যাপল কারপ্লে ডিসপ্লেতে ব্যবহার করতে পারবেন গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনি। এর ফলে আইফোন ব্যবহারকারীরা গাড়ি চালানোর সময় সম্পূর্ণ হ্যান্ডস-ফ্রি উপায়ে জেমিনির সঙ্গে কথা বলতে পারবেন। জেমিনি লাইভ সমর্থিত সব ভাষায় আজ থেকেই এই সুবিধাটি চালু করা হয়েছে। এর আগে গুগল ম্যাপস অ্যাপের মাধ্যমে কারপ্লেতে এই এআই সহকারীর কিছু সেবা পাওয়া গেলেও এখন সরাসরি জেমিনি অ্যাপ ব্যবহারের সুযোগ মিলছে।

নতুন এই ফিচারের ফলে গাড়িচালকরা সহজেই গাড়ির ডিসপ্লেতে থাকা জেমিনি আইকনে ট্যাপ করে নতুন কথোপকথন শুরু করতে পারবেন অথবা আইফোনে আগের যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই আবার শুরু করতে পারবেন। গুগল জানিয়েছে, যাতায়াতের সময় মিটিংয়ের প্রস্তুতি নেওয়া, ইমেইল চেক করা, ডেইলি ব্রিফ শোনা কিংবা স্থানীয় দর্শনীয় স্থান সম্পর্কে তথ্য পাওয়ার মতো নানা কাজে জেমিনি ব্যবহার করা যাবে। আইফোনের জেমিনি অ্যাপের সঙ্গে এসব কথোপকথন সিংক হয়ে থাকবে এবং চ্যাট ইতিহাসেও সংরক্ষিত হবে।

গাড়িতে এই সুবিধা উপভোগ করার জন্য ব্যবহারকারীদের কিছু শর্ত পূরণ করতে হবে। আইফোনে জেমিনি অ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করা থাকতে হবে এবং মাইক্রোফোনের অনুমতি চালু থাকতে হবে। এ ছাড়া আইফোনে অন্তত একবার জেমিনি লাইভ ব্যবহার করার অভিজ্ঞতা থাকতে হবে। অ্যান্ড্রয়েড অটোতে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চালুর পরপরই কারপ্লেতে জেমিনি অ্যাপ যুক্ত করার এই ঘোষণা এলো। গুগল বিল্ট-ইন থাকা গাড়িগুলোতেও জেমিনির জন্য পার্সোনাল ইন্টেলিজেন্স যুক্ত করার কাজ করছে প্রতিষ্ঠানটি।