সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬,

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৬, ০২:৫০ পিএম

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা পদে অন্তর্ভুক্ত করে জুলাই যোদ্ধাদের সংগঠন জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সালমান হোসেন সভাপতি, হাসিবুল হাসান সাধারণ সম্পাদক এবং মুস্তাইন বিল্লাহ হাবিবী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নেতৃত্বের কথা জানানো হয়। 

আগামী এক বছরের জন্য এই কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক দায়িত্ব পালন করবে। জুলাই যোদ্ধাদের সংগঠনে যুক্ত হলেন এনসিপির শীর্ষ নেতারা। সংগঠনটির উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির পাঁচজন কেন্দ্রীয় নেতা। তাদের মধ্যে রয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুম এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখা এবং ঐতিহাসিক আন্দোলনের সব শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই এই উপদেষ্টা পরিষদ ও আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।