বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে বেয়াদবি করছেন: রাশেদ খাঁন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ১০:৩৩ পিএম

বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে বেয়াদবি করছেন: রাশেদ খাঁন

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সময় বিরোধী দলের সদস্যদের হট্টগোল ও প্রতিবাদকে অসহনীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার অভিযোগ, বিরোধী দলের সদস্যরা পরিকল্পিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেয়াদবি করছেন। একই সঙ্গে জামায়াত-এনসিপির বিরুদ্ধে আওয়ামী লীগের নাশকতার দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা এবং সরকারকে ব্যর্থ করার মিশনে নামার অভিযোগও তুলেছেন তিনি।

বৃহস্পতিবার রাত নয়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ডক্টর মুহাম্মদ ইউনূসের আশীর্বাদপুষ্ট বিরোধী দল জাতীয় সংসদে প্রতিনিয়ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে পরিকল্পিতভাবে যে বেয়াদবি করছে, এটা অসহনীয়। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এদের শরীরে হয়তো জ্বালাপোড়া শুরু হয়ে যায়, যার প্রতিফলন নব্বইজন বিরোধী দলীয় সদস্যের হট্টগোলের মধ্যে পরিলক্ষিত হয়।

তিনি আরও লেখেন, একদিকে বিএনপি সরকার আওয়ামী সন্ত্রাসীদের নাশকতা দমনে তৎপর, আবার অন্যদিকে জামায়াত জোটের নেতাকর্মীদের আচরণও আওয়ামী লীগের চেয়ে কোনো অংশে ভালো নয়। সব মিলিয়ে আওয়ামী লীগ আগুন দিচ্ছে, আর তাতে ঘি ঢেলে দিচ্ছে জামায়াত-এনসিপি। আওয়ামী লীগের আগুনসন্ত্রাসের দায়কে বিএনপি সরকারের ব্যর্থতা হিসেবে প্রচার করে বৈধতা দেওয়ার চেষ্টা করছে জামায়াত-এনসিপি।

একটি বারের জন্যও তারা বলছে না যে আওয়ামী দুর্বৃত্তদের মোকাবিলায় বিরোধী দল রাজপথে থাকবে বলে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, বরং তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে, তারা মনেপ্রাণে চায় যে আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস চালিয়ে যাক, যাতে সরকার দুর্বল হয় এবং তারা ক্ষমতায় যেতে পারে।

জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করে তিনি লেখেন, আমি আবারও বলছি, জামায়াত জাতীয় পার্টির মতো ট্র্যাপে পড়েছে। গোপন বৈঠক ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া বন্ধ করে দিয়ে বিএনপি সরকারকে ব্যর্থ করার মিশনে নেমেছে। কিন্তু আওয়ামী ও জামায়াতি ফ্যাসিবাদের এই যৌথ মিশন কখনো সফল হবে না, ইনশাআল্লাহ।