বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,
সংসদে বিদ্যুৎমন্ত্রী

দেশে অনুমোদিত অটোরিকশার চার্জিং স্টেশন পঞ্চাশ হাজার নয়শ একান্নটি: সংসদে বিদ্যুৎমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ০৯:৪৬ পিএম

দেশে অনুমোদিত অটোরিকশার চার্জিং স্টেশন পঞ্চাশ হাজার নয়শ একান্নটি: সংসদে বিদ্যুৎমন্ত্রী

দেশে বর্তমানে পঞ্চাশ হাজার নয়শ একান্নটি অনুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং স্টেশন রয়েছে। বিদ্যুৎ বিভাগের আওতাধীন সব বিতরণকারী সংস্থা ও কোম্পানির অধীনে এই স্টেশনগুলো পরিচালিত হচ্ছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে জামায়াতের সংসদ সদস্য আব্দুল বারী সরদারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

অবৈধ বিদ্যুৎ সংযোগ, বিদ্যুৎ চুরি এবং মিটার কারসাজি প্রতিরোধ ও গ্রাহকসেবার মান উন্নত করতে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিদ্যুৎমন্ত্রী। তিনি বলেন, এএমআর ও প্রিপেইড মিটার স্থাপন, স্মার্ট প্রিপেইড মিটার চালু, নতুন বিতরণ লাইন নির্মাণ এবং নন-স্ট্যান্ডার্ড লাইনগুলোকে মানসম্মত করা হচ্ছে। হুকিং বা অবৈধ সংযোগের মাধ্যমে অটোরিকশার চার্জিং স্টেশনগুলোতে বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে বিতরণকারী সংস্থা ও কোম্পানিগুলোর নিজস্ব জনবল দিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে সরকারিভাবে এলপিজির সরবরাহ বাড়ানোর জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডে বছরে এক লাখ মেট্রিক টন উৎপাদনক্ষমতার একটি এলপিজি স্টোরেজ ও বটলিং প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য জমি অধিগ্রহণসহ প্রাথমিক কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। এছাড়া মোংলায় প্রায় এক হাজার তিনশ কোটি টাকা ব্যয়ে এলপিজি স্টোরেজ ও বটলিং প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে। পাশাপাশি মাতারবাড়ী, মোংলা ও টাঙ্গাইলের এলেঙ্গায় এ ধরনের প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। দ্রুত এলপিজি আমদানির লক্ষ্যে জি-টু-জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে জানান মন্ত্রী।

আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে জ্বালানি তেলের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ও সহনীয় রাখার স্বার্থে সরকার ভর্তুকি মূল্যে জ্বালানি বিক্রি করছে। এর ফলে চলতি মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে প্রায় সাতাশ হাজার ছয়শ উনসত্তর কোটি উনআশি লাখ টাকা লোকসান গুনতে হয়েছে। আন্তর্জাতিক বাজারের চেয়ে অনেক কমে জ্বালানি বিক্রির কারণে এই লোকসান হওয়া সত্ত্বেও বিপিসি নিজস্ব তহবিল ব্যবহার করে বিগত আট মাস ধরে জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রেখেছে।

দেশে বর্তমানে প্রতিবছর পাথরের চাহিদা রয়েছে পঁচিশ থেকে ত্রিশ মিলিয়ন মেট্রিক টন। তবে দেশীয় খনি থেকে এই চাহিদার মাত্র পাঁচ দশমিক পাঁচ শতাংশ মেটানো সম্ভব হয়। বর্তমানে মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে বছরে এক দশমিক ছয় পাঁচ মিলিয়ন মেট্রিক টন পাথর উত্তোলন করা হচ্ছে। নতুন একটি খনির উন্নয়নের সম্ভাব্যতা সমীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে বার্ষিক পাথর উত্তোলনের পরিমাণ চার দশমিক নয় পাঁচ মিলিয়ন মেট্রিক টনে উন্নীত হবে।

দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি সংকট নিরসন এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের দ্বিতীয় ইউনিট বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। এ লক্ষ্যে গত তিন সেপ্টেম্বর বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে এক দশমিক শূন্য চার বিলিয়ন ডলার বা প্রায় বারো হাজার তিনশ কোটি টাকা মূল্যের একটি গুরুত্বপূর্ণ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে দেশে বিদ্যুতের গড় উৎপাদন খরচ ছিল প্রতি ইউনিট এগারো টাকা দশ পয়সা। অন্যদিকে বিভিন্ন বিতরণ কোম্পানির মাধ্যমে গ্রাহকদের কাছে প্রতি ইউনিট গড়ে দশ টাকা চল্লিশ পয়সা দরে বিদ্যুৎ বিক্রি করা হয়েছে। সরকার বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে প্রতি ইউনিট গড়ে তেরো টাকা বিশ পয়সা দরে বিদ্যুৎ ক্রয় করে থাকে। এই ক্রয়মূল্য ও পাইকারি বিক্রয়মূল্যের পার্থক্য মেটাতে সরকার ভর্তুকি প্রদান করে থাকে এবং ওই অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকার মোট তেতাল্লিশ হাজার একশ ছিয়ানব্বই কোটি টাকা ভর্তুকি দিয়েছে।

প্রিপেইড মিটারের ক্ষেত্রে ডিমান্ড চার্জ ও ভ্যাট কোনো বিশেষ বা অতিরিক্ত চার্জ নয় বলে স্পষ্ট করে মন্ত্রী জানান, প্রচলিত পোস্টপেইড মিটারের মাসিক বিলেও একই হারে এই চার্জ প্রযোজ্য হয়। তবে ইউটিলিটি প্রতিষ্ঠানের সরবরাহ করা প্রিপেইড মিটারের ক্ষেত্রে মাসিক মিটার ভাড়া দিতে হলেও কোনো গ্রাহক যদি খোলা বাজার থেকে নিজস্ব প্রিপেইড মিটার কিনে স্থাপন করেন, তবে এই ভাড়া এড়াতে পারবেন।

গত পনেরো বছরে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের অনুসন্ধানে দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে দিনাজপুরের হাকিমপুর, চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলায় লৌহ আকরিক পাওয়া গেছে। এছাড়া নওগাঁর বদলগাছীর তাজপুর ও দিনাজপুরের হাকিমপুরে চুনাপাথরের সন্ধান মিলেছে। কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ব্রহ্মপুত্র ও যমুনা নদীর বালিতে বিভিন্ন মূল্যবান ভারী খনিজের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

বর্তমানে দেশে মোট গ্যাস সরবরাহের প্রায় পঁয়ত্রিশ শতাংশ আমদানি করা এলএনজি পুনর্গ্যাসীকরণের মাধ্যমে পাইপলাইনে সরবরাহ করা হয়। বৈশ্বিক পরিস্থিতির কারণে এলএনজি আমদানির ব্যয় আরও বেড়েছে এবং ২০২৫-২৬ অর্থবছরে এলএনজি খাতে সরকার মোট চৌদ্দ হাজার ছয়শ কোটি টাকা ভর্তুকি দিয়েছে।

মসজিদের বিদ্যুৎ বিল প্রসঙ্গে মন্ত্রী বলেন, পূর্বে মসজিদগুলোর বিদ্যুৎ বিল মওকুফ করা হলেও পরবর্তীতে দেখা গেছে কিছু কিছু মসজিদ থেকে বাইপাস সংযোগ নিয়ে ব্যক্তিগত বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। এই অনৈতিক কর্মকাণ্ড রোধেই মসজিদের বিদ্যুৎ বিল নেওয়া শুরু হয়েছে। তবে মসজিদের বকেয়া বিল পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে কিস্তিতে বিল পরিশোধের বিশেষ সুযোগ দেওয়া হবে। ভৌতিক বিলের বিষয়ে মন্ত্রী কঠোর হুশিয়ারি দিয়ে জানান, এ ধরনের অনিয়ম বন্ধে দেশব্যাপী প্রিপেইড ও স্মার্ট মিটার স্থাপনের সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে এবং অনিয়মের অভিযোগে ইতোমধ্যে মাগুরায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।