বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

চুয়াডাঙ্গায় অবৈধ সারের গোডাউনে অভিযান, চার দিনে জব্দ ৩ হাজার বস্তা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ১০:০৪ পিএম

চুয়াডাঙ্গায় অবৈধ সারের গোডাউনে অভিযান, চার দিনে জব্দ ৩ হাজার বস্তা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে মজুত করা সারের বস্তা।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় লাইসেন্স ছাড়াই অবৈধভাবে রাসায়নিক সার মজুত ও বিক্রির অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পুলিশ। গত চার দিনে পরিচালিত এসব অভিযানে প্রায় তিন হাজার বস্তা সার জব্দ করা হয়েছে। 

জাতীয় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। কৃষকরা যেন ন্যায্যমূল্যে সার পান এবং কৃত্রিম সংকট তৈরি রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। গত চার দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক এই অভিযান চলছে। 

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে রাত আটটা পর্যন্ত উপজেলার হাটবোয়ালিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হুসাইন ট্রেডার্সের বিভিন্ন গোডাউন ও বাড়ি তল্লাশি করে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৩৭৭ বস্তা সার জব্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে একটি চক্র কোনো ধরনের বৈধ লাইসেন্স বা সরকারি অনুমতি ছাড়াই সার গুদামজাত করে আসছিল। 

পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ ও গোসংস্থার সদস্যরা যৌথভাবে এসব গোডাউনে হানা দেন। এর আগে গত তিন দিনে একই উপজেলার ভাঙবাড়িয়া গ্রামে মিনারুল স্টোর ও মারফুল ট্রেডার্সের বিভিন্ন গোডাউনে অভিযান চালানো হয়। সেখান থেকেও বিপুল পরিমাণ সরকারি রাসায়নিক সার জব্দ করা হয়েছিল। সব মিলিয়ে গত চার দিনে প্রায় তিন হাজার বস্তা সার জব্দ করা হয়েছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, অবৈধভাবে সার মজুত ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

কৃষকদের স্বার্থে এবং সারের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থানের কারণে স্থানীয় কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানিয়েছে, জব্দ করা সারের উৎস এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ কৃষকরা যেন সময়মতো এবং সরকারি মূল্যে সার হাতে পান, সে বিষয়ে স্থানীয় প্রশাসন সতর্ক দৃষ্টি রাখছে।