সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৮:২০ পিএম
উন্নত চিকিৎসার জন্য আগামী ১৩ সেপ্টেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ২০ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। বৃহস্পতিবার রাতে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি দেশটিতে যাচ্ছেন।
মন্ত্রীর ব্যক্তিগত সহকারী জানান, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এর আগে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসার সময় তাঁর হৃদ্যন্ত্রের রক্তনালীতে একটি রিং বা স্টেন্ট স্থাপন করা হয়েছিল। সেই চিকিৎসার পরবর্তী ফলোআপ এবং সার্বিক শারীরিক পরীক্ষার জন্যই মূলত তিনি পুনরায় ব্যাংকক যাচ্ছেন।
এর আগে গত ১ সেপ্টেম্বর তীব্র জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাঁকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে ফুসফুসে নিউমোনিয়া সংক্রমণ শনাক্ত হওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি উন্নত ফলোআপ চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন