মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

দিন গোনা ছাড়া কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী

জাতীয় ডেস্ক

আগস্ট ১৩, ২০২৬, ০৮:৪০ পিএম

দিন গোনা ছাড়া কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী

ছবি : সংগৃহীত

চলতি মাসে দেশে লোডশেডিং পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) মেরামত শেষ হওয়ার অপেক্ষায় দিন গোনা ছাড়া সরকারের আর কিছু করার নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিদ্যুৎ উৎপাদন চ্যালেঞ্জের মুখে পড়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে মন্ত্রী এই কথা জানান। তিনি বলেন, ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার কারণে দেশজুড়ে বিদ্যুৎ ও গ্যাস সংকট তৈরি হয়েছে। তবে সৌভাগ্যবশত ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব হয়েছে এবং সময়মতো আরেকটি জাহাজ সরিয়ে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

বিদ্যুতের চাহিদার ধরনে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে উল্লেখ করেন মন্ত্রী। তার ভাষ্যমতে, অবৈধ উপায়ে ব্যাটারিচালিত রিকশা রাতে চার্জ দেওয়ার কারণে রাতের বেলা বিদ্যুতের চাহিদা রেকর্ড পরিমাণে বাড়ছে। গতকাল ১৮ হাজার মেগাওয়াট পর্যন্ত চাহিদা রেকর্ড করা হয়েছে, যা অস্বাভাবিক। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চলছে বলে তিনি জানান।

তবে টার্মিনাল মেরামতসহ কিছু বিষয় সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে বলে স্বীকার করেন বিদ্যুৎমন্ত্রী। তিনি বলেন, গ্যাস উত্তোলন বা টার্মিনাল ছাড়া গ্যাস নামানোর সুযোগ এই মুহূর্তে নেই। প্রকৌশলীরা মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন এবং সেটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া বিকল্প নেই।

শিল্প খাতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা এবং লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখতে সীমিত সম্পদ ব্যবস্থাপনার চেষ্টা চলছে। ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত অবকাঠামো উন্নয়নের ওপরও জোর দেন তিনি। শুধু গ্যাস অনুসন্ধান বাড়ালেই হবে না, বরং আমদানি ও বিতরণের অবকাঠামো শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।