বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

কুষ্টিয়ায় এমপি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে নারীদের বিক্ষোভ

জাতীয় ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ০৩:২৫ পিএম

কুষ্টিয়ায় এমপি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে নারীদের বিক্ষোভ

কুষ্টিয়ায় মুফতি আমির হামজার পদত্যাগের দাবিতে নারীদের বিক্ষোভ সমাবেশ।

কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজার পদত্যাগ এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজের ব্যানারে কুষ্টিয়া পৌরসভা চত্বরে এই কর্মসূচি পালন করেন স্থানীয় নারীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের পাঁচ রাস্তার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। বিক্ষোভরত নারীরা আমির হামজার বিভিন্ন বক্তব্যকে অসম্মানজনক ও অবমাননাকর বলে উল্লেখ করেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে অংশগ্রহণকারী নারীরা নানা স্লোগানে মুখর করে তোলেন এলাকা। তাদের কণ্ঠে শোনা যায় ‘নারী লিপ্সু, চরিত্রহীন, মিথ্যাবাদী ও লম্পটের বিচার চাই’ এবং ‘আমির হামজার দুই গালে, জুতা মারো তালে তালে’র মতো স্লোগান। সমাবেশে বক্তারা গত ৬ নভেম্বর নারী ঘটিত কথোপকথন নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ তুলে ধরেন। তারা দাবি করেন, এ সংক্রান্ত প্রকাশিত অডিও ও বিভিন্ন চ্যাটিংয়ের স্ক্রিনশট জনসমক্ষে এসেছে, যা একজন জনপ্রতিনিধির আচরণের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। একজন সংসদ সদস্যের কাছ থেকে দেশবাসীর পাশাপাশি নারীদের প্রতিও দায়িত্বশীল ও সম্মানজনক আচরণ প্রত্যাশিত বলে মন্তব্য করেন তারা।

বক্তারা আরও অভিযোগ করেন, বিভিন্ন ওয়াজ মাহফিল ও অনুষ্ঠানে নারীদের নিয়ে মুফতি আমির হামজার দেওয়া কিছু মন্তব্য অত্যন্ত অসম্মানজনক। এসব বক্তব্য সমাজে নারীদের মর্যাদা ও সম্মানকে ক্ষুণ্ন করছে বলে দাবি করেন তারা। নারীরা সমাজের অর্ধেক অংশ উল্লেখ করে বক্তারা বলেন, তাদের সম্মান ও অধিকার রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। জনপ্রতিনিধি হয়ে কেউ যদি নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন, তবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাই তার এই বক্তব্যের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে তাকে অবিলম্বে জবাবদিহির আওতায় আনার জোর দাবি জানান তারা।

সমাবেশ থেকে সংসদ সদস্য পদ থেকে আমির হামজার পদত্যাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানানো হয়। অন্যথায় নারীদের অধিকার ও সম্মান রক্ষায় ভবিষ্যতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কুমকুম রহমান, সদস্য সচিব লতিফা আক্তার রোজী, নারী নেত্রী নীলুফা ও মল্লিকা বেগম তানিয়াসহ সংগঠনের অন্যান্য শীর্ষ স্থানীয় নেতারা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এদিকে এই বিষয়ে সংসদ সদস্য মুফতি আমির হামজার বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।