রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রবাসীদের যৌক্তিক দাবি সংসদে তুলে ধরার আশ্বাস:মুফতি আমির হামজা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১, ২০২৬, ০১:১৮ পিএম

প্রবাসীদের যৌক্তিক দাবি সংসদে তুলে ধরার আশ্বাস:মুফতি আমির হামজা

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের তামান মেলাওয়াতিতে সুরাও আল-ফাতিহা কমিটির উদ্যোগে একটি ভাবগাম্ভীর্যপূর্ণ তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এই ধর্মীয় সমাবেশে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা বিপুল সংখ্যায় অংশ নেন। মো. মনির কাতির সভাপতিত্বে এবং শায়েখ জাফর উল্লাহ চৌধুরীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

মাহফিলে পবিত্র কোরআনের তাফসীর ও ইসলামী আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া জেলার সংসদ সদস্য মুফতি আমির হামজা। এ ছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মিসবাহ উদ্দিন ও ইমাম হাফেজ সাইফুল্লাহ। বক্তারা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামী অনুশাসন অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন এবং কোরআনের শিক্ষা বাস্তবায়নের আহ্বান জানান।

এই আয়োজনে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা, অধিকার ও সমস্যার কথা তুলে ধরে প্রধান অতিথির কাছে সুনির্দিষ্ট দাবি-দাওয়া পেশ করেন। জবাবে প্রধান অতিথি জানান যে প্রবাসীদের এই যৌক্তিক দাবিগুলো তিনি আগামী দিনে জাতীয় সংসদে জোরালোভাবে উপস্থাপনের চেষ্টা করবেন। 

পাশাপাশি তিনি প্রবাসীদের স্থানীয় আইন কঠোরভাবে মেনে চলা, পারস্পরিক ঐক্য বজায় রাখা এবং যেকোনো পরিস্থিতিতে সচেতন থাকার পরামর্শ দেন।অনুষ্ঠান শেষে বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সফলতা কামনা করা হয়।