রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬,
সৌদি আরবে দুর্ঘটনা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় ডেস্ক

নভেম্বর ৮, ২০২৬, ০২:৩০ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত সাত নভেম্বর সৌদি আরবে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিক নিহত এবং ছয়জন আহত হওয়ার সংবাদে তিনি গভীরভাবে মর্মাহত ও শোকাহত। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর দরবারে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন ও সংকটময় সময়ে বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সর্বাত্মকভাবে রয়েছে।

সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এবং চিকিৎসাধীন আহতদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।