রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬,
খাদ্য সংগ্রহ অভিযান

চলতি আমন মৌসুমে সাড়ে আট লাখ টন ধান ও চাল কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ৮, ২০২৬, ০২:৩৫ পিএম

চলতি আমন মৌসুমে সাড়ে আট লাখ টন ধান ও চাল কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে মোট আট লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে তিন লাখ মেট্রিক টন আমন ধান, পাঁচ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং পঞ্চাশ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।

রোববার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

খাদ্যমন্ত্রী জানান, এবার আমন ধান প্রতি কেজি পঁয়ত্রিশ টাকা, সিদ্ধ চাল উনপঞ্চাশ টাকা এবং আতপ চাল আটচল্লিশ টাকা দরে সংগ্রহ করা হবে।

সিদ্ধান্ত অনুযায়ী আগামী চৌদ্দ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে আগামী বছরের আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্যদিকে, আমন চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে আগামী পহেলা ডিসেম্বর থেকে এবং তা আগামী বছরের আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।

মন্ত্রী বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দেশের খাদ্যনিরাপত্তা সুসংহত করার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এর পাশাপাশি সরকারি খাদ্যশস্যের মজুত শক্তিশালী করাও এই সংগ্রহ অভিযানের অন্যতম প্রধান উদ্দেশ্য।

এ ছাড়া দেশের খাদ্য পরিস্থিতি স্থিতিশীল রাখা, বাজারে খাদ্যশস্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সরকারি খাদ্য বিতরণ কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী। সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের উর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।