নভেম্বর ৮, ২০২৬, ০২:১৮ পিএম
পুরুষদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য সমবায় গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তারা যেন শুধু বিপণনের জন্য নয়, বরং বিভিন্ন ধরনের সমবায় সমিতি করে দলবদ্ধভাবে কাজ শুরু করেন। তাহলে বাংলাদেশকে দ্রুত একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
রবিবার দুপুরে পঞ্চগড় কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সমবায়ের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল সমাজ ও জাতি গঠনের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সমবায়ের মূল শক্তি হচ্ছে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ। নারী ও পুরুষ সবাইকে সমবায়ের আওতায় এনে দেশের গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে।
এর আগে করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্যে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর কেক কেটে ও বেলুন উড়িয়ে জাতীয় সমবায় দিবস ও সমবায় মেলার উদ্বোধন করেন তিনি। এবারের মেলায় বিভিন্ন সমবায় সমিতির ১২টি স্টল অংশ নিয়েছে। উদ্বোধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল, ভারপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল এবং জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভায় অংশ নেন। জেলার সাম্প্রতিক অপরাধ পরিস্থিতিতে খুন, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম কমে আসায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তবে আত্মহত্যার ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই সংকট মোকাবিলায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক সভা-সমাবেশ করতে হবে। পাশাপাশি হতাশাগ্রস্ত মানুষের পাশে পরিবার ও সমাজকে আরও আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন