শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬,

জিয়াউর রহমানের মুক্তিতেই নিশ্চিত নেতৃত্বে ফেরে দেশ: ফরহাদ হোসেন

আবু সালেহ মোঃ রায়হান

নভেম্বর ৭, ২০২৬, ০২:২১ পিএম

জিয়াউর রহমানের মুক্তিতেই নিশ্চিত নেতৃত্বে ফেরে দেশ: ফরহাদ হোসেন

ছবি: দিনাজপুর টিভি

ঐতিহাসিক ৭ই নভেম্বরের রাজনৈতিক বিভাজন ও নেতৃত্বের শূন্যতা কাটিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তির মাধ্যমেই বাংলাদেশ এক নিশ্চিত ও শক্তিশালী নেতৃত্বের দিকে এগিয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমান নেতা তারেক রহমান — এই তিন প্রজন্মই ধারাবাহিকভাবে ঐক্যের রাজনীতিকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি জোর দিয়ে বলেন, আগামী দিনে দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই সম্ভাবনাময় বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি সমৃদ্ধশালী জাতি হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব।

একই সাথে পঞ্চগড়ের বিশেষ স্থানীয় প্রেক্ষাপট তুলে ধরে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, সকল স্তরের ভেদাভেদ ও রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পঞ্চগড় উপহার দিতে হলে সবাইকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে এবং সম্মিলিত প্রচেষ্টায় সেই কাক্সিক্ষত লক্ষ্য অর্জিত হবে।

পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভিনের সভাপতিত্বে আয়োজিত উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, পুলিশ সুপার আবু সাইম, জেলা সিভিল সার্জন চিকিৎসক মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।