নভেম্বর ৭, ২০২৬, ০২:০৮ পিএম
নতুন প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস জানাতে ইতিহাসচর্চা বাড়ানো এবং পাঠ্যবইয়ে জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো অন্তর্ভুক্ত করার ওপর জোর দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। শনিবার (৭ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাস ও রাজনৈতিক প্রেক্ষাপটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। ২০২৪ সালের ৫ আগস্ট যেমন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় বড় পরিবর্তন এনেছে, তেমনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরও ইতিহাস গঠনে ভূমিকা রেখেছে। নতুন প্রজন্ম যেন দেশের জন্ম ও সংগ্রামের ইতিহাস জানতে পারে, সে লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকেও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হবে।
তিনি স্পষ্ট করে জানান, বাংলাদেশের ইতিহাস কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর একচ্ছত্র সম্পত্তি নয়, এটি পুরো জাতির পরিচয়। আন্তর্জাতিক অঙ্গনে একজন নাগরিকের মূল পরিচয় তার দেশ। তাই নিজের জন্ম ও ঐতিহ্যের ইতিহাস পরিষ্কারভাবে জানা প্রত্যেকের দায়িত্ব।
অভিভাবকদের প্রতি পরামর্শ দিয়ে ববি হাজ্জাজ বলেন, সন্তানদের শুধু রক্ষা করলেই হবে না, তাদের শারীরিক ও মানসিক বিকাশের স্বাধীন সুযোগ দিতে হবে। অতিরিক্ত কড়াকড়ির মাধ্যমে শিশুদের স্বাভাবিক খেলাধুলা, প্রকৃতি ও বাইরের পরিবেশের সঙ্গে মেলামেশা বন্ধ করা অনুচিত।
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের নিজস্ব মেধা ও চিন্তার বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারকে একসাথে যৌথভাবে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদপুর থানার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গাউসিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের একটি পৃথক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন