শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬,

চট্টগ্রাম সিলেট ও নোয়াখালী পুনরুদ্ধারের সময় এসেছে বললেন ভারতীয় এমপি

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ৭, ২০২৬, ০২:৪৩ পিএম

চট্টগ্রাম সিলেট ও নোয়াখালী পুনরুদ্ধারের সময় এসেছে বললেন ভারতীয় এমপি

ছবি: সংগৃহীত

বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট অঞ্চল ভারতের কাছে ‘পুনরুদ্ধার’ করার দাবি তুলেছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য নিশিকান্ত দুবে।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে লোকসভার এই সদস্য দাবি করেন, দেশভাগের সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কোনো ধরনের পরামর্শ ছাড়াই এই ভূখণ্ডগুলো পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলেন।

বিজেপির এই সংসদ সদস্যের বক্তব্য অনুযায়ী, নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর অঞ্চল একসময় ঐতিহাসিক ত্রিপুরা (টিপরা) রাজ্যের অবিচ্ছেদ্য অংশ ছিল। দেশভাগের সময় ত্রিপুরার তৎকালীন মহারাজা বীর বিক্রম সিং এবং পরবর্তীকালে মহারানি কাঞ্চনপ্রভাকে অন্ধকারে রেখে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি অভিযোগ তোলেন।

নিশিকান্ত দুবে আরও দাবি করেন, ভারত স্বাধীন হওয়ার আগে ১৯৪৬ সালের সেপ্টেম্বর মাসে জওহরলাল নেহরু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর মুসলিম লিগের রাজনৈতিক অবস্থানের কারণে ওই বছরের অক্টোবরে নোয়াখালীতে সহিংসতা ঘটেছিল। সে সময় তৎকালীন রাজপরিবারের অমতে সিলেট ও চট্টগ্রামে গণভোট ও ভূখণ্ড হস্তান্তরের ব্যবস্থা করা হয় বলে তিনি মত প্রকাশ করেন।

নিজের বক্তব্যের সমর্থনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গ টানেন এই এমপি। তার দাবি, চট্টগ্রাম বন্দরে প্রবেশাধিকার হারানোর কারণে ভারতের পুরো উত্তর-পূর্বাঞ্চল বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে পিছিয়ে পড়ে এবং খনিজ সম্পদ ও অভ্যন্তরীণ সম্ভাবনার পূর্ণ বিকাশ থমকে যায়।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, কেবল পাকিস্তান অধিকৃত কাশ্মীরই নয়, বরং তৎকালীন নীতিগত সিদ্ধান্তের কারণে পাকিস্তান বা পরবর্তীতে বাংলাদেশের নিয়ন্ত্রণে যাওয়া ঐতিহাসিক নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর পুনরুদ্ধার করা ভারতের স্বার্থে জরুরি হয়ে পড়েছে।

এই সংসদ সদস্যের বিতর্কিত বক্তব্য ও ঐতিহাসিক ভূখণ্ড হস্তান্তরের দাবি সংক্রান্ত তথ্যসমূহ দিনাজপুর টিভি ডট কম-এর আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে নিশ্চিত করেছে।