নভেম্বর ৭, ২০২৬, ০৪:৫০ পিএম
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খাসমহল এলাকায় ইসলামুল হক নামের এক ব্যবসায়ীর বাড়িতে রাতের আঁধারে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে পঞ্চগড় সদর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।
অভিযোগে ভুক্তভোগী ব্যবসায়ী জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তিনি বাড়িতে না থাকার সুযোগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে জানালা দিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যান তার সাবেক ব্যবসায়িক পার্টনার রেজাউল করিম। রেজাউল একই এলাকার বাসিন্দা।
তাৎক্ষণিকভাবে টের পাওয়ায় পরিবারের সদস্যদের প্রাণরক্ষা হলেও ঘরের গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ কিছু জিনিসপত্র পুড়ে যায়। তাদের চিৎকারে বাড়ির অন্য লোকজন ও প্রতিবেশীরা এসে ঘরে থাকা লোকজনকে উদ্ধার করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। সকালে বাড়ি ফিরে এই ভয়াবহ দৃশ্য দেখে দিশেহারা হয়ে পড়েন ব্যবসায়ী ইসলামুল হক।
এ ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইসলামুল হক অভিযোগ করে বলেন, একটু হলে আমার স্ত্রী ও মেয়েসহ পরিবারের সবাই আগুনে পুড়ে মারা যেত। রেজাউল ও তার সহযোগীকে সেখান থেকে পালিয়ে যেতে দেখেছেন অনেকে। তার কাছে আমার ব্যবসার এগারো লাখ টাকা পাওনা রয়েছে। লোকসান দেখিয়ে সে সেই টাকা পরিশোধ করছে না। টাকার জন্য চাপ দেওয়ায় সে আমাকে বিভিন্ন সময় হুমকি দিতো। আমাকে পরিকল্পিতভাবে হত্যার জন্যই সে ঘরে আগুন দিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
অভিযোগের বিষয়ে সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, এটি একটি অত্যন্ত জঘন্য অপরাধ। আজ ওই পরিবারটির অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রেজাউল করিম। তিনি দাবি করেন, ইসলামুল আমার কাছ থেকে জমির বায়না বাবদ দশ লাখ টাকা নিয়েছিলেন। পরবর্তীতে আমাকে জমি না রেজিস্ট্রি করে অন্য একজনের কাছে বিক্রি করে দেন। আমি আমার টাকা ফেরত চাওয়ায় তিনি উল্টো অগ্নিকাণ্ডের এই নাটক সাজিয়েছেন। তার কাছে আরও বহু মানুষ টাকা পান।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন