শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬,
সাফ চ্যাম্পিয়নশিপ

সাফে খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা–ফারহান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৭, ২০২৬, ০৬:৪৭ পিএম

সাফে খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা–ফারহান

ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে যোগ দিতে আগামী ৯ নভেম্বর (সোমবার) ঢাকায় পৌঁছাবেন বাংলাদেশের দুই প্রবাসী তারকা ফুটবলার হামজা চৌধুরী ও ফারহান আলী। সেদিনই তাদের জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট কাটিয়ে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণের মাঠে ফেরার জোরালো সম্ভাবনাও তৈরি হয়েছে।

সাফের নিয়ম অনুযায়ী এবার ২৮ জন ফুটবলারের একটি প্রাথমিক স্কোয়াড নিবন্ধন করিয়েছে বাংলাদেশ। এর মধ্যে ২৬ জন খেলোয়াড় শুরু থেকেই দলের সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন। তবে ক্লাব ম্যাচ থাকার কারণে হামজা ও ফারহান কিছুটা দেরিতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন।

এদিকে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচের আগে ওয়ার্মআপের সময় চোট পেয়ে ছিটকে যাওয়া ডিফেন্ডার তপু বর্মণকে নিয়েও ইতিবাচক খবর মিলেছে। বিদেশি ফিটনেস ট্রেনারের অধীনে পুনর্বাসনে থাকা তপু দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে খেলানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান কোচ।

শনিবার কিংস অ্যারেনায় অনুশীলনের জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু গণমাধ্যমকে বলেন, ‘গত ম্যাচে সেরা একাদশে তপু বর্মণ ছিল, কিন্তু ওয়ার্মআপ করার সময় সে ব্যথা পায়। যার পরিপ্রেক্ষিতে সে খেলতে পারেনি। তবে আমাদের ফিটনেস ট্রেইনারের পর্যবেক্ষণে ইনশা আল্লাহ তপু বর্মণ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। সে উন্নতির দিকে যাচ্ছে। আমরা আশাবাদী শ্রীলঙ্কার সঙ্গে খেলায় কোচ যদি মনে করেন, তাহলে তাকে খেলাতে পারেন।’