নভেম্বর ৭, ২০২৬, ০৫:৫৩ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের মধ্যে আগামী ৮ নভেম্বর রোববার সরকারি ছুটি কি না, তা নিয়ে সাধারণ মানুষের মনে কৌতূহল তৈরি হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৮ নভেম্বর কোনো সাধারণ বা নির্বাহী আদেশের সরকারি ছুটি নেই। দিনটি স্বাভাবিক কার্যদিবস হিসেবেই গণ্য হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৮ নভেম্বর হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘শ্যামা পূজা’ বা কালীপূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি হিসেবে নির্ধারিত রয়েছে।
নিয়ম অনুযায়ী, কোনো সাধারণ সরকারি ছুটি না থাকলেও সংশ্লিষ্ট ধর্মাবলম্বী কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এ দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। তবে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা এবং শিক্ষাপ্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে।
হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা আগামী রোববার অনুষ্ঠিত হবে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়ে থাকে।
২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এর পরদিন ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর আগের দিন ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শুক্র থেকে রোববার পর্যন্ত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রেও একইভাবে ছুটির সুযোগ রয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি নির্ভর করবে নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই। ফলে মাদরাসার শিক্ষার্থীদের জন্য এ ছুটি কার্যকর হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
আগামীকাল রোববার রাজধানীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগ থানাধীন শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিঁও ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন