বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

২০২৭ সালে দুই ঈদে সরকারি কর্মচারীরা পাবেন টানা ১১ দিনের ছুটির প্রজ্ঞাপন

জাতীয় ডেস্ক

নভেম্বর ৫, ২০২৬, ০৩:০২ পিএম

২০২৭ সালে দুই ঈদে সরকারি কর্মচারীরা পাবেন টানা ১১ দিনের ছুটির প্রজ্ঞাপন

আগামী ২০২৭ সালে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত নতুন সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল ফিতরে মোট পাঁচ দিন এবং ঈদুল আজহায় মোট ছয় দিনের ছুটি নির্ধারিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে ২০২৭ সালের সরকারি ছুটির এই প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এর সঙ্গে ঈদের আগের দুই দিন এবং পরের দুই দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ঈদুল ফিতরে টানা পাঁচ দিনের ছুটি পাবে মানুষ।

অন্যদিকে, ঈদুল আজহার দিন নির্ধারিত সাধারণ ছুটির পাশাপাশি ঈদের আগের দুই দিন এবং পরের তিন দিন নির্বাহী আদেশে ছুটি বহাল রাখা হয়েছে। এর ফলে ঈদুল আজহায় টানা ছয় দিনের ছুটি মিলবে। দুই ঈদ মিলিয়ে আগামী বছর শুধু ঈদেই মোট ১১ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

উল্লেখ্য, ২০২৭ সালের পুরো বছরে সব মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৫ দিন নির্বাহী আদেশের ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। তবে এর কিছু অংশ সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারের সঙ্গে মিলে যাওয়ার কারণে কার্যকর ছুটির সংখ্যা ভিন্ন হতে পারে।