বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

বীরগঞ্জে ছয়টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

জাহিদ হাসান

নভেম্বর ৫, ২০২৬, ০৩:৪৯ পিএম

বীরগঞ্জে ছয়টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এই অভিযানে চোর চক্রের সঙ্গে জড়িত মোশারফ হোসেন নামের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল শাওন কুমার সরকার।

গ্রেপ্তারকৃত মোশারফ হোসেন ওরফে মশিউর উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বাছারগ্রাম গ্রামের মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার জানান যে জয়ন্তিয়া ঘাটপাড়ে একটি চায়ের দোকানে পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ নভেম্বর সকাল দশটার দিকে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বাছারগ্রাম এলাকায় অভিযান চালায়। 

এ সময় মোশারফ হোসেনকে আটক করা হয় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই থেকে তিনজন অপরিচিত ব্যক্তি পালিয়ে যায়। পরে আটক মোশারফকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্সবিহীন ছয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা এই মোটরসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় লাখ ৩০ হাজার টাকা।

পুলিশ আরও জানায় যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোশারফ স্বীকার করেছেন যে জেলার কাহারোল উপজেলার শাহপাড়া গ্রামের নেফাউরের ছেলে মোহাম্মদ গোলাপসহ আরও দুই থেকে তিনজন সহযোগী মিলে আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখত। কৌশলে এসব মোটরসাইকেল চুরি করে পরে কম মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হতো।

চক্রের বাকি পলাতক সদস্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত মোশারফ হোসেনকে ইতিমধ্যে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।