বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

বাগেরহাটে হযরত খানজাহান আলী মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেস্ক

নভেম্বর ৫, ২০২৬, ০২:১৬ পিএম

বাগেরহাটে হযরত খানজাহান আলী মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ফকিরহাটের কাটাখালীতে সংক্ষিপ্ত পথসভা শেষে লাল-সবুজ রঙের বাসে করে মাজার প্রাঙ্গণে পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মাজার মোড় থেকে আশপাশের সড়কের দুই পাশে সকাল থেকেই অপেক্ষায় ছিলেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। তাকে বহনকারী বাসটি মাজার এলাকায় পৌঁছালে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত নেতাকর্মীরা। এ সময় দুই হাত তুলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তারা। বাসের ভেতর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন তারেক রহমান।

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সড়কের দুই পাশে মানুষের ভিড় জমে। দীর্ঘ অপেক্ষার পর তার আগমনে অনেকের মধ্যে আনন্দ ও আবেগের প্রকাশ দেখা যায়। কেউ স্লোগান দেন, কেউ আবার মোবাইল ফোনে সেই মুহূর্ত ধারণ করেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের উন্নয়ন ও আধুনিকায়নসংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। পরে কাটাখালীর পথসভা শেষে তিনি হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারে আসেন এবং মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে তার খুলনায় যাওয়ার কথা রয়েছে। সেখানে খুলনা জেলা স্টেডিয়ামে ‍‍`নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)‍‍`-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী।