নভেম্বর ৪, ২০২৬, ১১:৪৪ পিএম
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করে তুলতে এবং গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য টিকিয়ে রাখতে দিনাজপুরের হিলিতে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়েছে।
সূর্য শিক্ষা ক্লাব অ্যান্ড পাঠাগারের উদ্যোগে গত মঙ্গলবার রাতে আলীহাট ইউনিয়নের কাদিপুর গ্রামে এই গ্রামীণ খেলাটি অনুষ্ঠিত হয়। হা-ডু-ডু খেলার শুভ উদ্বোধন করেন আলীহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ফিরোজ কবির।
উদ্বোধনী ম্যাচে পাঠানপাড়া একাদশ বনাম কাদিপুর একাদশের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এই খেলা উপভোগ করতে হিলির আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নারী-পুরুষ ও শিশু-কিশোর উপস্থিত হন। গ্রামীণ এই টুর্নামেন্টে মোট আটটি হা-ডু-ডু দল অংশ নেয়। প্রতিটি দলে ছয়জন করে মোট বারোজন খেলোয়াড় মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেন।
টুর্নামেন্টের সমাপনীতে আয়োজকদের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে একটি খাসি এবং রানার্সআপ দলকে একটি হাঁস উপহার দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউপি সদস্য ফিরোজ কবির বলেন, নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলাকে পরিচিত করে তুলতে এবং যুবসমাজকে যেকোনো ধরনের মাদক থেকে দূরে রাখতেই এই হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দিতে তরুণ সমাজকে রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন