মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬,
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

৭ নভেম্বর সরকারি ছুটি পুনর্বহাল হলেও এবার মিলছে না বাড়তি সুবিধা

জাতীয় ডেস্ক

নভেম্বর ১, ২০২৬, ০৯:৩৮ পিএম

৭ নভেম্বর সরকারি ছুটি পুনর্বহাল হলেও এবার মিলছে না বাড়তি সুবিধা

প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব ওয়ালীউল দামান। সরকারের এই সিদ্ধান্তের ফলে দিনটি এখন থেকে নিয়মিত সাধারণ ছুটির তালিকায় অন্তর্ভুক্ত থাকবে।

তবে সিদ্ধান্ত কার্যকর হলেও চলতি বছর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বাড়তি কোনো অবকাশ মিলছে না। ক্যালেন্ডার অনুযায়ী ২০২৬ সালের ৭ নভেম্বর শনিবার পড়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আলাদাভাবে এই ছুটির সুবিধা ভোগের সুযোগ থাকছে না চাকরিজীবীদের।

এর আগে গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের ওই সিদ্ধান্তের আলোকে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে তালিকাভুক্ত করা হয়। নতুন প্রজ্ঞাপন অনুসারে, রাষ্ট্রীয় মর্যাদায় দিনটি প্রতিবছর উদযাপিত হবে এবং সারা দেশে নিয়মিত সাধারণ ছুটি বহাল থাকবে।