নভেম্বর ২, ২০২৬, ০৮:৫৭ পিএম
এলজিইডির কর্মকর্তাদের জরুরি নির্দেশ দিয়ে প্রাতিষ্ঠানিক সিম কার্ড সার্বক্ষণিক সচল রাখার আদেশ জারি করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অফিসিয়াল মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৭ অক্টোবর এলজিইডির প্রধান প্রকৌশলী (গ্রেড-১) মো. বেলাল হোসেনের স্বাক্ষরে জারি করা এক আনুষ্ঠানিক অফিস আদেশে এই নির্দেশনা প্রদান করা হয়।
দাপ্তরিক যোগাযোগ ব্যবস্থা সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন রাখাই এই সিদ্ধান্তের উদ্দেশ্য।
অফিস আদেশে উল্লেখ করা হয়, মাঠপর্যায়ের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও দ্রুতগতির ও কার্যকর করতে কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক সিম সরবরাহ করা হয়েছে। সাধারণ নাগরিক ও সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা এবং প্রয়োজনীয় তথ্য আদান-প্রদানে এসব নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এ ছাড়া জেলা, অঞ্চল ও বিভাগীয় পর্যায়ে অবস্থানভিত্তিক আধুনিক প্রযুক্তির মাধ্যমে কর্মকর্তাদের কর্মস্থলে উপস্থিতি নিয়মিত তদারকি করা হয়। অফিসিয়াল সিম বন্ধ রাখা হলে এই তদারকি কার্যক্রম বিঘ্নিত হয় এবং প্রশাসনিক কার্যক্রমে জটিলতা সৃষ্টি হয়। তাই সরকারি কাজের স্বার্থে এই নম্বরগুলো সার্বক্ষণিক খোলা রাখা অপরিহার্য।
প্রয়োজনে আধুনিক স্মার্ট সিম বা ই-সিম সুবিধাযুক্ত হ্যান্ডসেট ব্যবহারের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
আদেশে আরও জানানো হয়, কোনো কারণে সিম বন্ধ হয়ে গেলে তা পুনরায় সচল করা কিংবা প্রাতিষ্ঠানিক সেবা গ্রহণের ক্ষেত্রে ওটিপি যাচাই সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য অনুমোদিত আইসিটি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
এ বিষয়ে দাপ্তরিক প্রয়োজনে অধিদপ্তরের আইসিটি ইউনিটের সিনিয়র সহকারী প্রকৌশলীর ০১৭১৮৪১১৬১ নম্বরে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানের প্রয়োজনে সিস্টেম অ্যানালিস্টের ০১৭০৬২১২৭১০ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। অধিদপ্তরের আওতাধীন সব পর্যায়ের প্রকৌশলী ও কর্মকর্তাদের এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন