রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,
সৌরবিদ্যুৎ প্রকল্প

হাটবাজার রাজস্বের ১৫ শতাংশ সৌর প্যানেলে ব্যয়ের নির্দেশ

জাতীয় ডেস্ক

অক্টোবর ৪, ২০২৬, ০৩:২৪ পিএম

হাটবাজার রাজস্বের ১৫ শতাংশ সৌর প্যানেলে ব্যয়ের নির্দেশ

হাটবাজার থেকে অর্জিত মোট রাজস্ব আয়ের ১০ থেকে ১৫ শতাংশ অর্থ সরাসরি সৌর প্যানেল স্থাপনে ব্যয়ের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিজ নিজ সরকারি বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ‘সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা জারি করেন।

নিজের চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরে সৌরবিদ্যুতের বিশাল সম্ভাবনার কথা স্মরণ করিয়ে দেন প্রতিমন্ত্রী। সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক অগ্রগতি নিয়ে মীর শাহে আলম উল্লেখ করেন, দেশে এ পর্যন্ত প্রায় ছয় হাজার কিলোমিটার সড়ক পাকা করা সম্ভব হয়েছে। তবে বহু সড়ক প্রশস্তকরণ, টেকসই পুনর্নির্মাণ ও দীর্ঘমেয়াদি নিয়মিত রক্ষণাবেক্ষণের তাগিদ রয়েছে। এজন্য মাঠপর্যায়ের প্রকৌশলীদের দ্রুত উপযুক্ত প্রকল্প প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়ে তিনি জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী প্রায় পাঁচ হাজার কিলোমিটার গ্রামীণ সড়কের রক্ষণাবেক্ষণ প্রকল্প অনুমোদন করেছেন। 

দেশজুড়ে জমা পড়া প্রকল্প প্রস্তাবের ভিত্তিতে মূল বাজেট থেকে প্রয়োজনীয় বরাদ্দ ছাড় করা হবে, যা থেকে উপজেলা নির্বাহী প্রকৌশলীরা নির্ধারিত কার্যক্রম সম্পন্ন করবেন। সড়ক নির্মাণের মান নিশ্চিত করার লক্ষ্যে কঠোর নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, কার্পেটিং শেষ হওয়ার পর তা পুরোপুরি শক্ত ও টেকসই হতে অন্তত ৭২ ঘণ্টা সময়ের প্রয়োজন হয়। এই তিন দিন নির্মিত সড়ক পাহারা দিতে সংশ্লিষ্ট ঠিকাদারকে দিনে ও রাতে দুইজন করে মোট চারজন নিরাপত্তাকর্মী মোতায়েনের নির্দেশ দেন তিনি। উপজেলা প্রকৌশলীদের এই নজরদারি নিশ্চিতে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন প্রতিমন্ত্রী।

রাষ্ট্রীয় পরিকল্পনা ও আর্থিক সংস্কার প্রসঙ্গে তিনি জানান, সরকারের সিদ্ধান্ত ও মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন অনুসারে ২০২৮ সাল থেকে নতুন অর্থবছর গণনা হবে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত। এর ফলে আগস্ট ও সেপ্টেম্বর মাস থেকে শুরু করে মার্চ পর্যন্ত একটানা শুষ্ক মৌসুমে উন্নয়নমূলক অবকাঠামো নির্মাণ কাজ কোনো বাধা ছাড়াই এগিয়ে নেওয়া সম্ভব হবে।

জাতীয় রাজনৈতিক সংস্কার বিষয়ে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, জুলাই সনদে স্বাক্ষরিত সংস্কার প্রস্তাবগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে একটি বিশেষ সংবিধান সংশোধন কমিটি নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে। স্থায়ী অন্তর্বর্তীকালীন সরকারব্যবস্থা রূপরেখা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার সুষম ভারসাম্য আনয়নের মতো গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো এই কমিটির পর্যালোচনার আওতায় রয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. শহীদুল হাসান এবং এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা অংশ নেন।