রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

মাউশির নাম ও লোগো ব্যবহারে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৪, ২০২৬, ০৪:৩২ পিএম

মাউশির নাম ও লোগো ব্যবহারে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নাম, দাপ্তরিক প্রতীক ও লোগো অননুমোদিতভাবে ব্যবহার করে পরিচালিত বিভিন্ন ফেসবুক পেজ এবং গ্রুপের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আগামী সাত দিনের মধ্যে এসব অননুমোদিত প্ল্যাটফর্মের যাবতীয় কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ না করা হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠী অধিদপ্তরের দাপ্তরিক পরিচয় ও প্রতীক ব্যবহার করে অননুমোদিত ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনা করছে। এসব সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি দপ্তর সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য প্রকাশের পাশাপাশি অশালীন, মানহানিকর ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন বক্তব্য প্রচার করা হচ্ছে। এই ধরনের অপতৎপরতার কারণে দেশের সাধারণ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং সার্বিকভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।

অধিদপ্তর স্পষ্টভাবে নিশ্চিত করেছে যে Directorate of Secondary and Higher Education-DSHE শীর্ষক ভেরিফায়েড পেজ ছাড়া সামাজিক মাধ্যমে তাদের আর কোনো আনুষ্ঠানিক পেজ বা গ্রুপ বিদ্যমান নেই। আগামী সাত কার্যদিবসের মধ্যে ভুয়া ও অননুমোদিত এসব পেজ এবং গ্রুপের সার্বিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ না করলে কোনো অতিরিক্ত পূর্বসতর্কতা ছাড়াই সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত সাইবার ও ফৌজদারি আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।