অক্টোবর ৪, ২০২৬, ০১:৪২ পিএম
ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশ দেন।
সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দিয়েছেন সরকারপ্রধান। সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে বলেন। প্রকল্প বাস্তবায়নে থাকা প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে তা দ্রুত দূর করা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি এই কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব সভায় অংশ নেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পর্যালোচনা সভায় উপস্থিত থেকে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন