রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পুরস্কার পেলেন ৮ উদ্যোক্তা

জাতীয় ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ০১:০৯ পিএম

জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পুরস্কার পেলেন ৮ উদ্যোক্তা

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রি এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করতে শুরু হয়েছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬।

রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলাটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে, যার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি।

পুরস্কার দেওয়া ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এর পর এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম ও প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে একটি প্রামাণ্য প্রদর্শনী দেখানো হয়।

ওই প্রদর্শনীতে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন। টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন করা হয় এবং এর ধারাবাহিকতায় ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এসএমই ফাউন্ডেশন।