রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,
বিদেশি বিনিয়োগ

পুঁজিবাজারে বিদেশি লেনদেন বাড়ল ৩৭ দশমিক ৬ শতাংশ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৪, ২০২৬, ০৪:১৭ পিএম

পুঁজিবাজারে বিদেশি লেনদেন বাড়ল ৩৭ দশমিক ৬ শতাংশ

দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বাড়ছে। সংস্কার উদ্যোগ ও বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার সুফল হিসেবে চলতি বছরের প্রথম আট মাসে বিদেশি লেনদেন গত বছরের একই সময়ের তুলনায় ৩৭ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

শুধু জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত হওয়া লেনদেনই গত পুরো বছরের মোট লেনদেনের প্রায় ৯৪ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম আট মাসে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ ৩ হাজার ৭০১ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ৮৯৮ টাকা। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ২ হাজার ৬৮৭ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৮০৯ টাকা।

অর্থাৎ, এক বছরের ব্যবধানে লেনদেন বেড়েছে ১ হাজার ১৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা। বাজার সংস্কারের বিভিন্ন উদ্যোগকে এই প্রবৃদ্ধির প্রধান কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পুঁজিবাজারকে ফ্রন্টিয়ার মার্কেট থেকে এমার্জিং মার্কেটে উন্নীত করার প্রস্তুতি চলছে। একই সঙ্গে আন্তর্জাতিক সূচক নির্ধারণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ, বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করা এবং লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে আনার উদ্যোগ বিনিয়োগকারীদের ইতিবাচক বার্তা দিচ্ছে।