রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,
পুঁজিবাজার সংস্কার

এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা পাল্টে যাবে: অর্থমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৪, ২০২৬, ০৭:৪০ পিএম

এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা পাল্টে যাবে: অর্থমন্ত্রী

বিগত দিনের ব্যর্থতা নিয়ে সময় নষ্ট না করে আগামী এক বছরের মধ্যে একটি সুসংগঠিত, গভীর ও আন্তর্জাতিক মানের পুঁজিবাজার গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

এই প্রক্রিয়ায় পুঁজিবাজার যেভাবে এগিয়ে চলেছে, তাতে আগামী এক বছরের মধ্যে এর সম্পূর্ণ চেহারা পাল্টে যাবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাজধানীর কেআইবিতে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিগত দিনের পরিস্থিতি নিয়ে আর আলোচনা করতে চান না বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি জানান, একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে উঠলে সামগ্রিক অর্থনীতিতে ব্যাংকিং খাতের ওপর থেকে অতিরিক্ত চাপ অনেকটাই কমে আসবে। তবে কেবল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একক দায়িত্ব নয় পুঁজিবাজার পুনর্গঠন করা।

এই লক্ষ্য অর্জনে একটি সমন্বিত ইকোসিস্টেম বা সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন তিনি। অতীতে প্রতিটি আর্থিক প্রতিষ্ঠান আলাদাভাবে কাজ করার কারণে নানা ধরনের সমন্বয়হীনতা তৈরি হয়েছিল বলে স্মরণ করিয়ে দেন অর্থমন্ত্রী। তাই বর্তমান সময়ে সবাইকে এক ছাতার নিচে এসে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।