বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

এশিয়া ইন্স্যুরেন্সের ১৬ কোটি টাকার প্রিমিয়াম গেল কোথায়

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৬, ১১:২২ এএম

এশিয়া ইন্স্যুরেন্সের ১৬ কোটি টাকার প্রিমিয়াম গেল কোথায়

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির বিরুদ্ধে প্রিমিয়ামের টাকা ছাড়াই ১০ হাজার ৭৬০টি নৌ-বীমা পলিসি ইস্যু করার তথ্য মিলেছে। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত এসব পলিসি ও কভার নোট ইস্যু করা হয়। প্রতিষ্ঠানটির সদ্য সমাপ্ত নিরীক্ষা প্রতিবেদনে এই বড় ধরনের আর্থিক বিচ্যুতির কথা উঠে এসেছে।

নিরীক্ষক প্রতিষ্ঠান সাইফুল শামসুল আলম অ্যান্ড কোং তাদের প্রতিবেদনে একে আইন ও বিধির লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এসব পলিসির বিপরীতে প্রিমিয়াম নির্ধারিত ছিল ১৯ কোটি ৫৯ লাখ টাকা। কিন্তু কোম্পানির হিসাবে দেখানো হয়েছে মাত্র ২ কোটি ৭৭ লাখ টাকা। বাকি ১৬ কোটি ৮২ লাখ টাকার কোনো হিসাব কোম্পানির প্রধান বইয়ে পাওয়া যায়নি। বিষয়টি ধরা পড়ার পর আগের কয়েক বছরের আর্থিক বিবরণী সংশোধন করেছে এশিয়া ইন্স্যুরেন্স।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, প্রিমিয়ামের টাকা না নিয়ে কোনো পলিসি ইস্যু করা বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। বীমা আইন ২০১০ অনুযায়ী, নগদ বা ব্যাংক গ্যারান্টির মাধ্যমে টাকা না পাওয়া পর্যন্ত ঝুঁকি নেওয়ার সুযোগ নেই। এই বিধান ভাঙলে পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।

এর বাইরে কোম্পানির তথ্যপ্রযুক্তি ব্যবস্থার দুর্বলতা এবং শেয়ারবাজারে ১১ কোটি ১১ লাখ টাকা লোকসানের বিষয়টিও নিরীক্ষায় উঠে এসেছে। পরিচালন নগদ প্রবাহ কমে যাওয়ার পরও ২০২৫ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে পরিচালনা পর্ষদ।

এশিয়া ইন্স্যুরেন্সের প্রধান অর্থ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম দাবি করেছেন, জমা হওয়া অর্থ মূলত ডিপোজিট প্রিমিয়াম হিসেবে ছিল, যা পলিসি ইস্যু হলে সমন্বয় হয়। সময়মতো পলিসিতে রূপান্তর না হওয়ার জন্য দায়ী কর্মকর্তা চাকরি ছেড়ে দিয়েছেন বলেও তিনি জানান। এদিকে নিয়ন্ত্রক সংস্থার মুখপাত্র সাইফুন্নাহার সুমি জানিয়েছেন, নিরীক্ষায় ওঠা এসব অনিয়ম নিয়ে তারা কাজ করছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।