শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,
প্রশাসনিক জবাবদিহিতা

জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার করলেন এলজিআরডি মন্ত্রী

জাতীয় ডেস্ক

অক্টোবর ২, ২০২৬, ০৯:১৭ পিএম

জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার করলেন এলজিআরডি মন্ত্রী

জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করে সরকারি কাজের যেকোনো গঠনমূলক সমালোচনা শুনতে বর্তমান প্রশাসন প্রস্তুত বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সরকারি কাজে কোনো ত্রুটি বা বিচ্যুতি চিহ্নিত হলে তা দ্রুত সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। শুক্রবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) অডিটোরিয়ামে উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

তবে কোনো ধরনের বানোয়াট তথ্য বা ভিত্তিহীন অপপ্রচারের মাধ্যমে সমালোচনা না করার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। গণতান্ত্রিক পরিবেশ ও সামগ্রিক স্থিতিশীলতা অক্ষুণ্ণ রাখতে রাষ্ট্রের সকল নাগরিক ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ করার তাগিদ দেন তিনি। ড. আবদুল মঈন খান স্পষ্ট করেন, প্রশাসনের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা প্রকৃতপক্ষে জনগণের সেবক। বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল ও উন্নত রাষ্ট্র হিসেবে তুলে ধরাই সবার মূল লক্ষ্য হওয়া উচিত। দেশের সীমিত সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার ঘটিয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে প্রান্তিক মানুষকে সেবা দিয়ে যাওয়ার জন্য তিনি সরকারি কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের বাস্তব চাহিদার ওপর অগ্রাধিকার দেওয়ার কথা বলেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রমকে কেবল গৎবাঁধা প্রকল্পনির্ভর না রেখে মাঠপর্যায়ের সাধারণ মানুষের নিত্যদিনের প্রয়োজনের সঙ্গে মেলাতে হবে। তিনি বিদ্যমান অবকাঠামোগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ জোরদার করা, বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য সম্পদে রূপান্তর এবং সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে মাটির নিচের পানির ব্যবহার সীমিত করার ওপর গুরুত্বারোপ করেন।মাঠপর্যায়ে নিরবচ্ছিন্ন সংস্কার কার্যক্রম চালু রাখতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জন্য পৃথক নিয়মিত রক্ষণাবেক্ষণ তহবিল ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরেন মীর শাহে আলম।

তিনি জানান, প্রধান প্রধান নগরগুলোতে আধুনিক প্রযুক্তিতে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং ছোট পৌরসভা ও উপজেলাগুলোতে স্বল্প ব্যয়ের কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা চালু করা জরুরি। এছাড়া মাটির নিচের পানির ওপর চাপ কমাতে নদী ও উন্মুক্ত জলাশয়ের পানি পরিশোধনের মাধ্যমে সর্বত্র সুপেয় পানি সরবরাহের আওতা সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য ও উপস্থিতি রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ জামানুর রহমানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের পদস্থ কর্মকর্তারা।