শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,
কৃষির প্রতীকী স্মারক

ভুট্টা চত্বর হচ্ছে লালমনিরহাটে: স্থাপন হলো ভিত্তিপ্রস্তর

জাতীয় ডেস্ক

অক্টোবর ২, ২০২৬, ০৮:০২ পিএম

ভুট্টা চত্বর হচ্ছে লালমনিরহাটে: স্থাপন হলো ভিত্তিপ্রস্তর

ভুট্টা চত্বর নির্মাণের মধ্য দিয়ে লালমনিরহাটের কৃষিনির্ভর অর্থনীতি ও ঐতিহ্যকে ধরে রাখার এক নতুন উদ্যোগ শুরু হয়েছে। জেলা শহরের প্রাণকেন্দ্রে কৃষি ও মেহনতি মানুষের প্রতীক হিসেবে গড়ে তোলা হচ্ছে এই দৃষ্টিনন্দন স্মারক। শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

জেলা পরিষদের সার্বিক অর্থায়ন ও ব্যবস্থাপনায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হাবিব দুলু বলেন, চরাঞ্চলসহ পুরো জেলার কৃষকেরা ভুট্টা আবাদ করে নিজেদের জীবনমান বদলে দিয়েছেন। তাদের এই পরিশ্রম ও স্থানীয় অর্থনীতিতে ভুট্টার অবদানকে স্মরণীয় করে রাখতেই শহরের কেন্দ্রস্থলে চত্বরটি করা হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি গ্রহণ করেছে এবং স্থানীয় পর্যায়ে ভুট্টা প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে তোলার পাশাপাশি পণ্যের ন্যায্য দর নিশ্চিত করতে বিশেষ কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে।

জেলা পরিষদ জানিয়েছে, এটি কেবল নিছক একটি স্মৃতিস্তম্ভ হবে না। আধুনিক স্থাপত্যকলা ও দৃষ্টিনন্দন আলোকসজ্জার সমন্বয়ে এটিকে সাজানো হবে, যা শহরের সামগ্রিক রূপ বদলে দেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক। এছাড়া জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অংশ নেন।