অক্টোবর ২, ২০২৬, ০৮:১৪ পিএম
কিশোর গ্যাংয়ের নেপথ্যে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী তিন মাসের মধ্যে কিশোর গ্যাংয়ের যাবতীয় তৎপরতা সমূলে উৎখাত করা হবে। কিশোররা অস্ত্র কিংবা চাপাতি হাতে ঘুরে বেড়াবে না, বরং বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যাবে, লেখালেখি ও পড়াশোনা করবে, আধুনিক দক্ষতায় বলীয়ান হবে, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করবে এবং নতুন রোবটিক যুগে প্রবেশ করবে।
শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেনপ্রতিযোগিতাটির বিষয়বস্তু ছিল কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলনই অধিক কার্যকর।
চিফ হুইপ স্পষ্ট করে জানান, বর্তমান সমাজে যারা সন্ত্রাস ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড পরিচালনা করছে তারা বিগত সরকারের আমলেও একই ধরনের অপকর্মে লিপ্ত ছিল। প্রশাসন এখন তাদের চিহ্নিত করে আলাদা করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, সমাজে কোনো ধরনের হেলমেট বাহিনী বরদাশত করা হবে না এবং হাতুড়ি বাহিনী বানানোর কোনো ইচ্ছে বা পরিকল্পনা বর্তমান সরকারের নেই। দোষারোপের রাজনীতি থেকে সংশ্লিষ্ট সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের অশ্রাব্য ও অশ্লীল ভাষা আর সহ্য করা হবে না।
সামাজিক মাধ্যম ও ইউটিউবের অপব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, যারা ডিজিটাল মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ও অপপ্রচার চালাচ্ছে তাদের রাশ কঠোরভাবে টেনে ধরা হবে। দেশের মানুষের প্রত্যক্ষ আস্থা ও ম্যান্ডেট নিয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কতটা কঠোর, তা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মিষ্টির পদত্যাগের মধ্য দিয়েই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। তিনি বলেন, কোনো অন্যায় করে কেউ ছাড় পাবে না এবং নিজেদের ঘর থেকেই অনিয়ম নিয়ন্ত্রণের এই কঠোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।
অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী, জুয়াড়ি ও মাদক কারবারিরা রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদের খোলস পাল্টে ফেলে। এদের কোনো দলীয় বা রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। অতীতে যারা দলীয় ছত্রছায়ায় কিশোর গ্যাং চালাত, তারাই এখন বর্তমান ক্ষমতাসীনদের প্রভাব খাটিয়ে কিশোর অপরাধের বিস্তার ঘটাচ্ছে। সন্ত্রাসীদের কেবল সন্ত্রাসী হিসেবেই দেখতে হবে এবং এই অপসংস্কৃতি রুখতে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি শক্তিশালী সামাজিক জাগরণ গড়ে তোলা জরুরি।
তিনি আরও বলেন, অপ্রীতিকর কিছু ঘটলেই সামগ্রিকভাবে সরকারের ঘাড়ে দোষ চাপানোর যে প্রবণতা, তা থেকে সব রাজনৈতিক দলকে বেরিয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা ও ব্লেইম গেম পরিহার করা না গেলে এই সংকট দূর হবে না। রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির রাজনৈতিক দায় ওঠার পর তিনি পদত্যাগ করেছেন। কিরণ উল্লেখ করেন, এই পদত্যাগ এটাই প্রমাণ করে যে বর্তমান প্রশাসন দখলবাজি, চাঁদাবাজি বা সন্ত্রাসের সঙ্গে কোনো আপস করছে না।
বিতর্ক প্রতিযোগিতায় সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক এম এম বাদশাহ্, সাংবাদিক মনির মিল্লাত এবং সাংবাদিক জাফর ইকবাল। বিতর্ক পর্ব শেষে অংশগ্রহণকারী দুই দলের শিক্ষার্থীদের হাতে ট্রফি, ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন